
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেট নগরের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। একই সঙ্গে ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা’ নিয়ে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।
মক্কা চুক্তি নিয়ে আলোচনা চলছে
মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়ে হুমায়ুন কবির বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশের এতে যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি।
তার ভাষ্য, বর্তমানে অনেক দেশ একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত রয়েছে। বাংলাদেশের জাতীয় স্বার্থ যেখানে রয়েছে, প্রয়োজন অনুযায়ী সেখানেই বাংলাদেশ যুক্ত হবে।
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন
প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকা উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দুই দেশের মধ্যে ‘হাজার সমস্যা’ থাকলেও আলোচনার পথ বন্ধ হয়নি বলে জানান তিনি।
প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে তিনি বলেন, সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
জ্বালানি সংকট সমাধানে কাজ করছে সরকার
জ্বালানি খাতকে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বলে জানান হুমায়ুন কবির। জ্বালানি খাতের সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও দাবি করেন তিনি।
জ্বালানি খাতে অতীতে কী ধরনের দুর্নীতি হয়েছে, তা দেখলেই বোঝা যায় বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বোয়িং কেনায় কোনো চাপ নেই
যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার বিষয়ে বাংলাদেশকে কোনো চাপ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন হুমায়ুন কবির।
তিনি বলেন, বাংলাদেশের নিজস্ব চাহিদা রয়েছে বলেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও বোয়িং বিমান কেনা হবে।
মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানি প্রসঙ্গ
মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমশক্তি রপ্তানির বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের সময়কার একটি সিন্ডিকেটের কারণে সেখানে শ্রমশক্তি পাঠানোর ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে।
এখন ধাপে ধাপে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানো হবে বলে জানান তিনি।
কলকাতায় বাংলাদেশিদের হয়রানির অভিযোগ
কলকাতায় বাংলাদেশি নাগরিকদের হোটেলে থাকার সুযোগ না পাওয়া এবং রাস্তায় রাত কাটানোর অভিযোগের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, এ ধরনের ঘটনার সুনির্দিষ্ট উদাহরণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আনা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময়কালে সিলেট-৬ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরী ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/আরএম