প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৯ পিএম আপডেট: ০৫.০৯.২০২৬ ৪:১৫ PM

গাজীপুরের কালিয়াকৈরে কভার্ড ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চারজন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা কালিয়াকৈর থেকে শ্রীপুরের মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। পথে কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। একই সঙ্গে কভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে দুজন মা-ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ