
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং পরিশোধিত জ্বালানি তেলের আমদানিনির্ভরতা কমাতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। এই অর্থায়নের মাধ্যমে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির বার্ষিক পরিশোধন সক্ষমতা ১৫ লাখ মেট্রিক টন থেকে বেড়ে ৪৫ লাখ মেট্রিক টনে উন্নীত হবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ‘মডার্নাইজেশন অ্যান্ড এক্সপ্যানশন অব ইস্টার্ন রিফাইনারি ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের জন্য বাংলাদেশ সরকার ও আইডিবির মধ্যে অর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং আইডিবির পক্ষে ডিরেক্টর জেনারেল, কান্ট্রি প্রোগ্রামস আনাসে আইসামি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আইডিবি গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের উপস্থিত ছিলেন।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রকল্পটি বাস্তবায়ন করবে। আইডিবির এই অর্থায়ন বাংলাদেশে সংস্থাটির কোনো একক প্রকল্পে সর্বোচ্চ বিনিয়োগ হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে ইস্টার্ন রিফাইনারির বর্তমান পরিশোধন সক্ষমতা তিন গুণ বাড়বে। বর্তমানে প্রতিষ্ঠানটির বার্ষিক পরিশোধন সক্ষমতা ১৫ লাখ মেট্রিক টন। সম্প্রসারণের পর তা বেড়ে ৪৫ লাখ মেট্রিক টনে উন্নীত হবে।
শুধু সক্ষমতা বাড়ানো নয়, প্রকল্পটির মাধ্যমে ইউরো-৫ মানসম্পন্ন পরিবেশবান্ধব পেট্রোলিয়াম পণ্য উৎপাদনের সক্ষমতাও তৈরি হবে। এর ফলে দেশের জ্বালানি চাহিদা পূরণে স্থানীয় পরিশোধন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনের সুযোগ তৈরি হবে।
সরকারের প্রত্যাশা, ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বৃদ্ধির ফলে দেশে পরিশোধিত জ্বালানি তেলের আমদানিনির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থার সক্ষমতা বাড়বে এবং জ্বালানি নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।
ইআরডি জানিয়েছে, এই প্রকল্পে আইডিবির অর্থায়নের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সংস্থাটির চলমান উন্নয়ন সহযোগিতার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।
বাংলাদেশের অন্যতম প্রধান বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে দেশের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছে। এর মধ্যে রয়েছে অনুদান, প্রকল্প ঋণ, বাণিজ্য অর্থায়ন, বেসরকারি খাতের অর্থায়ন এবং রপ্তানি ঋণ গ্যারান্টিসহ বিভিন্ন সহযোগিতা।
প্রধানমন্ত্রীর সঙ্গে আইডিবি চেয়ারম্যানের সাক্ষাৎ
অর্থায়ন চুক্তি স্বাক্ষরের পর আইডিবি গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে আইডিবি চেয়ারম্যান বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন। বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আইডিবির সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়।
প্রধানমন্ত্রী এ সময় সহজ শর্তে অর্থায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাংলাদেশ ও আইডিবির মধ্যকার সম্পর্ক আরও গভীর ও কার্যকর করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
ইস্টার্ন রিফাইনারির এই সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের অভ্যন্তরে জ্বালানি পরিশোধনের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। এর ফলে আমদানির ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হবে।
স্বদেশ প্রতিদিন/আরএম