
ঢালিউডের অমর নায়ক সালমান শাহ। রুপালি পর্দায় তাঁর উপস্থিতি একসময় দর্শকদের মুগ্ধ করেছিল। অকালপ্রয়াণের তিন দশক পেরিয়ে গেলেও তাঁর প্রতি দর্শকের ভালোবাসায় এতটুকু ভাটা পড়েনি। বরং সময়ের সঙ্গে সালমান শাহ হয়ে উঠেছেন বাংলা চলচ্চিত্রের নস্টালজিয়ার অন্যতম প্রতীক। তাঁর সিনেমা মানেই নব্বইয়ের দশকের রোমান্টিকতা, তারুণ্যের আবেগ এবং দর্শকের ভালোবাসায় ভরা এক স্বর্ণালি অধ্যায়।
আগামীকাল রোববার (৬ সেপ্টেম্বর) সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী। বিশেষ এই দিনকে সামনে রেখে প্রয়াত এই নায়কের স্মরণে সপ্তাহজুড়ে বিশেষ আয়োজন করেছে দীপ্ত টিভি। আয়োজনের অংশ হিসেবে শনিবার (৫ সেপ্টেম্বর) থেকে আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত টানা সাত দিন দুপুর আড়াইটায় প্রচারিত হবে সালমান শাহ অভিনীত সাতটি সিনেমা।
আয়োজনের প্রথম দিন শনিবার প্রচারিত হবে শাহ আলম কিরণ পরিচালিত সিনেমা ‘বিচার হবে’। এতে সালমান শাহর সঙ্গে অভিনয় করেছেন শাবনূর, রাইসুল ইসলাম আসাদ, ডলি জহুর ও হুমায়ুন ফরীদি।
রোববার, সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকীর দিন প্রচারিত হবে এম এ খালেদ পরিচালিত ‘স্বপ্নের ঠিকানা’। সিনেমাটিতে সালমান শাহ ও শাবনূরের পাশাপাশি অভিনয় করেছেন সোনিয়া, রাজীব, ডলি জহুর ও আবুল হায়াত।
৭ সেপ্টেম্বর সোমবার দর্শক দেখতে পাবেন শিবলি সাদিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’। এতে সালমান শাহ ও শাবনূরের সঙ্গে অভিনয় করেছেন কাঞ্চি, ডলি জহুর ও হুমায়ুন ফরীদি।
৮ সেপ্টেম্বর প্রচারিত হবে মালেক আফসারী পরিচালিত ‘এই ঘর এই সংসার’। সিনেমাটিতে সালমান শাহর সহশিল্পী হিসেবে রয়েছেন বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ, আলীরাজ ও তমালিকা কর্মকার।
৯ সেপ্টেম্বর থাকছে জাকির হোসেন রাজু পরিচালিত ‘জীবন সংসার’। এতে সালমান শাহ ও শাবনূরের পাশাপাশি অভিনয় করেছেন ফারুক, ববিতা ও গোলাম মুস্তাফা।
১০ সেপ্টেম্বর দর্শক দেখতে পাবেন রেজা হাসমত পরিচালিত ‘প্রেম পিয়াসী’। এতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, আনোয়ারা, রাজীব ও মিশা সওদাগর।
সপ্তাহব্যাপী এই আয়োজনের শেষ দিন শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রচারিত হবে বাদল খন্দকার পরিচালিত ‘স্বপ্নের পৃথিবী’। এতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, রাজীব, ববিতা ও রাইসুল ইসলাম আসাদ।
অকালপ্রয়াণের ৩০ বছর পরও সালমান শাহর জনপ্রিয়তা প্রমাণ করে, প্রজন্ম বদলালেও তাঁর প্রতি দর্শকের ভালোবাসা বদলায়নি। তাঁর অভিনীত সিনেমা, গান ও পর্দার উপস্থিতি এখনো দর্শকের কাছে সমানভাবে স্মরণীয়।
দীপ্ত টিভির সপ্তাহব্যাপী এই আয়োজনের মধ্য দিয়ে আবারও ফিরে আসবে নব্বইয়ের দশকের সেই নায়ককে ঘিরে দর্শকের পুরোনো স্মৃতি ও আবেগ। সালমান শাহর সিনেমার মাধ্যমে নতুন প্রজন্মও পরিচিত হওয়ার সুযোগ পাবে ঢালিউডের এই অমর তারকার অভিনয়জগতের সঙ্গে।
স্বদেশ প্রতিদিন/আরএম