প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১:১৭ পিএম আপডেট: ২১.১১.২০২৫ ১:২২ PM

সংগৃহীত ছবি
রাজধানীসহ দেশের বহু স্থানে শুক্রবার সকালে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার পর নানা জায়গায় আতঙ্ক তৈরি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে দেশের বিভিন্ন স্থানে এই কম্পন অনুভূত হয়, যার কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদী। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৭, যা মধ্যম শক্তির ভূমিকম্প হিসেবে বিবেচিত। এরই মধ্যে কিছু ভবনে ধস ও হেলে পড়ার ঘটনা ঘটেছে এবং কয়েকজনের মৃত্যুর খবরও এসেছে।
ধর্মীয় বর্ণনায় ভূমিকম্পকে মাঝে মাঝে মানবজাতির জন্য সতর্কবার্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। কোরআন-হাদিসে বলা হয়েছে, যখন সমাজে অশ্লীলতা, পাপাচার, অন্যায়-অবিচার, গান-বাজনার প্রসার এবং সীমালঙ্ঘন বাড়ে তখন বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে।
তিরমিজির একটি সহিহ হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, এই উম্মত ভূমিকম্প, বিকৃতি এবং পাথরবর্ষণের মতো শাস্তির মুখোমুখি হবে। সাহাবি জিজ্ঞাসা করলে তিনি উত্তর দেন, এ সময় হবে যখন গায়িকা ও বাদ্যযন্ত্রের উৎপাত বাড়বে এবং মদ্যপানের প্রসার ঘটবে (তিরমিজি: ২২১২)।
ইতিহাসে এমন একটি জাতির কথা কোরআনে স্পষ্টভাবে এসেছে, যাদের আল্লাহ ভয়াবহ ভূমিকম্প ও শিলাবৃষ্টির মাধ্যমে ধ্বংস করেছিলেন, হজরত লূত (আ.)-এর জাতি। এই সম্প্রদায় সমকামিতার মতো ভয়ানক ও অস্বাভাবিক পাপাচারে জড়িয়ে পড়ে এবং আল্লাহর নবীর প্রতি কঠোর অবাধ্যতা করে। লূত (আ.) তাদের বারবার সতর্ক করেছিলেন, কিন্তু তারা নবীর কথা উপহাস করত এবং উল্টো তাকে কষ্ট দিত। এমনকি লূত (আ.)-এর স্ত্রীও পাপাচারী সম্প্রদায়কে সহযোগিতা করতেন।
কোরআনে বলা আছে, তারা এমন লজ্জাহীন কাজ করত যা পৃথিবীর কোনো জাতি আগে কখনো করেনি। আল্লাহর নির্দেশ অমান্য করার পরিণতি হিসেবে এক প্রভাতে তাদের উপর কঠিন শাস্তি নেমে আসে। তাফসিরে আছে, আল্লাহর হুকুমে জিব্রাইল (আ.) এত শক্তিশালী আঘাত দেন যে পুরো নগরীর মানুষ অন্ধ হয়ে যায়। এরপর শহরটিকে গোড়াসহ তুলে আসমানের অনেক উঁচুতে নিয়ে যাওয়া হয়। এমনকি প্রথম আসমানের ফেরেশতারাও নিচের জনপদের পশুর ডাক শুনতে পাচ্ছিল। তারপর শহরটি উল্টে দেওয়া হয় এবং শাস্তিস্বরূপ আকাশ থেকে পাথরবর্ষণ করা হয়। প্রত্যেক পাপীর নামে চিহ্নিত পাথর নেমে আসে তাদের উপর। শেষ পর্যন্ত সেই ভূমিতে অপবিত্র পানির জলাধার সৃষ্টি করে দেওয়া হয় যা আজও ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে।
কোরআনে এই ধ্বংসযজ্ঞের বর্ণনা এসেছে এভাবে, “অবশেষে আমার আদেশ এসে গেলে আমি তাদের জনপদকে উল্টে দিলাম এবং তাদের উপর স্তরে স্তরে পাথর বর্ষণ করলাম।” (সুরা হুদ: ৮২)।