প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১:০৭ পিএম

সংগৃহীত ছবি
আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মধ্যম মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৫.৭ এবং উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।
দুপুর সোয়া ১২টার দিকে ফায়ার সার্ভিস ক্ষয়ক্ষতির সর্বশেষ আপডেট প্রকাশ করেছে।
আরমানিটোলা কসাইটুলি: এখানে ৮ তলা ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। তবে সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট গিয়ে দেখে, ভবনের কোনো বড় ক্ষতি হয়নি। কেবল পলেস্তারার কিছু আলগা অংশ ও কিছু ইট খসে পড়েছে। কোনো হতাহত হয়নি।
খিলগাঁও: নির্মাণাধীন ভবনের পাশের দুইতলা ভবনে ইট পড়ে একজন আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করেছে; ফায়ার সার্ভিসের হস্তক্ষেপের প্রয়োজন হয়নি।
প্রধান উপদেষ্টার কার্যালয়: ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর আসে। স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে; কোনো ক্ষতি পাওয়া যায়নি।
বারিধারা ব্লক-এফ, রোড-৫: একটি বাসায় আগুন লাগার খবর পাওয়া গেছে। দুইটি ইউনিট অগ্নিনির্বাপন কাজ করছে। তবে আগুন ভূমিকম্পের কারণে ঘটেছে কিনা জানা যায়নি।
সূত্রাপুর, স্বামীবাগ: ৮ তলা একটি ভবন অন্য একটি ভবনের দিকে হেলে পড়ার খবর পাওয়া যায়। সূত্রাপুর ফায়ার স্টেশন ঘটনাস্থলে কাজ করছে।
কলাবাগান, আবেদখালী রোড: ৭ তলা একটি ভবন হেলে পড়ার খবর আসে। মোহাম্মদপুর ফায়ার স্টেশন ১টি ইউনিট পাঠিয়েছে। কোনো হতাহত হয়নি; ভবন ঠিক আছে, ফোনটি আতঙ্কিত লোকজন করেছিলেন।
মুন্সীগঞ্জ, গজারিয়া: একটি বাড়িতে আগুনের খবর পাওয়া গেছে। গজারিয়া ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
ফায়ার সার্ভিস সবাইকে সতর্ক করে বলেছে, আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করতে।