| শিরোনাম: |

ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশে ধারাবাহিক ভারি বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অনেক মানুষ। স্থানীয় সময় সোমবার দেশটির কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনাস্থলজুড়ে এখনও জোরেশোরে চলছে অনুসন্ধান ও উদ্ধার অভিযান।
দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার তথ্য অনুযায়ী, গত সপ্তাহে সিলাকাপ শহরের সিবেউনিং গ্রামে ভূমিধসে এক ডজনের বেশি বাড়ি চাপা পড়ে। ভূমিধসে ৩ থেকে ৮ মিটার (১০–২৫ ফুট) গভীরে মানুষ চাপা পড়ায় উদ্ধারকর্মীদের কাজ কঠিন হয়ে পড়েছে।
স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার বিভাগের প্রধান এম আবদুল্লাহ জানান, সিলাকাপের ঘটনায় অন্তত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৭ জন এখনও নিখোঁজ।
এদিকে মধ্য জাভার বানজারনেগারা অঞ্চলে গত শনিবার ঘটে যাওয়া অন্য একটি ভূমিধসে পৃথকভাবে আরও দুইজন নিহত হয়েছেন বলে সোমবার দুর্যোগ প্রশমন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। সেখানে ২৭ জন নিখোঁজ এবং ৩০টিরও বেশি বাড়ি ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দ্বীপদেশে বর্ষা মৌসুম সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এপ্রিল পর্যন্ত স্থায়ী হতে পারে। চলমান টানা বৃষ্টিপাতে বন্যা ও ভূমিধসের ঝুঁকি আরও বেড়েছে।
সূত্র: আরব নিউজ
স্বদেশ প্রতিদিন/ আরএফ