প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৩:৫৭ পিএম

সংগৃহীত ছবি
রায় কার্যকর হওয়ার আগ পর্যন্ত শহীদ পরিবারগুলোর স্বস্তি নেই, এমনই প্রতিক্রিয়া জানিয়েছেন জুলাই-আগস্টের গণহত্যায় নিহতদের স্বজনরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় ঘোষণা করেছে। তবে পরিবারগুলোর মতে, প্রকৃত শান্তি আসবে রায় বাস্তবে কার্যকর হলে।
আজ সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় আহত ও নিহতদের পরিবার জানায়, তারা রায়ে আংশিক স্বস্তি পেলেও পূর্ণ তৃপ্তি এখনো নয়।
শহীদ মীর মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় সঠিক দিকের একটি পদক্ষেপ। তবে এটি কেবল শুরু। তিনি জানান, তাদের পরিবারের সঙ্গে অন্য শহীদ পরিবারগুলোর প্রত্যাশা, দোষীদের দণ্ড কার্যকর না হওয়া পর্যন্ত তাদের মুখে প্রকৃত হাসি ফুটবে না।
তার ভাষায়, যে ঘটনার বিচার হচ্ছে তা দেশের ইতিহাসের একটি বড় ট্র্যাজেডি। এ রায় কিছুটা আশা জাগালেও পরিবারগুলো ন্যায়বিচারের পূর্ণতা দেখতে চায় দণ্ড কার্যকর হওয়ার মধ্য দিয়ে।