| শিরোনাম: |

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন দেশের তারকা ওপেনার তামিম ইকবাল। ফলে এবারের আসরে তাকে খেলতে দেখা যাবে না। সোমবার (১৭ নভেম্বর) বিপিএল গভার্নিং কাউন্সিলের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেন।
আগামী ২৩ নভেম্বর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে বিপিএলের নিলাম, নয় আসর পর ফিরছে ঐতিহ্যবাহী নিলাম পদ্ধতি। তবে নিলামের এক সপ্তাহ আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীসকে খেলোয়াড় তালিকা থেকে তার নাম সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
ক্রিকবাজকে তিনি বলেন, “আমি বিপিএলে থাকছি না। শাহরিয়ার নাফীসকে অনুরোধ করেছি আমার নামটা ড্রাফট থেকে তুলে নিতে।”
তামিমের সরে যাওয়া খুব বেশি অবাক করার মতো নয়। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার কারণে তার ফিটনেসে দৃশ্যমান অবনতি দেখা গেছে। এনসিএল টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফেরার কথা থাকলেও বিসিবি নির্বাচনকে ঘিরে ব্যস্ততার কারণে তা আর সম্ভব হয়নি। এর সঙ্গে গত মার্চে প্রিমিয়ার লিগ চলাকালে মাঠেই হার্ট অ্যাটাক করার ঘটনা তার স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দিয়েছে।
যদিও দুই মাস আগেও এক সাক্ষাৎকারে তামিম জানিয়েছিলেন, বিপিএল দিয়েই মাঠে ফিরতে চান তিনি। ফরচুন বরিশালের সঙ্গে তার চুক্তিও প্রায় চূড়ান্ত ছিল। দলটির কর্তৃপক্ষের সঙ্গে তার সম্পর্কও ছিল বেশ ভালো। কিন্তু বিসিবির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের পর বরিশাল ফ্র্যাঞ্চাইজি এবারের বিপিএল থেকে নিজেদের সরিয়ে নেয়। ফলে তামিমের আগ্রহও অনেকটাই কমে গেছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, বরিশালের হয়েই গত দুই আসরে অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছিলেন তিনি।
ইতোমধ্যে রাজনৈতিক কারণে সাকিব আল হাসান ও মাশরাফী বিন মোর্ত্তজাকে গত আসর থেকেই বিপিএলে দেখা যাচ্ছে না। এবার তামিমও সরে দাঁড়ালে তারকার অভাব প্রকট হতে পারে। পঞ্চপাণ্ডবের মধ্যে একমাত্র নিশ্চিতভাবে বিপিএল খেলতে পারেন মুশফিকুর রহিম। ডেঙ্গুতে ভুগে দীর্ঘ বিরতি কাটানো মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রেও অংশগ্রহণের বিষয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ