প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৬:৪৪ পিএম

ফ্যাসিবাদী শক্তি মোকাবিলায় জনগণ সক্রিয় থাকবে। জনগণের শক্তি সবসময়ই বড়। ফ্যাসিবাদী হুমকি যতই আসুক, ফ্যাসিবাদী শক্তি রুখতে মাঠে থাকবে জনগণ বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা–২ আসনের ধানের শীষ প্রার্থী আমানউল্লাহ আমান।
রবিবার (১৬ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের রামেরকান্দা সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন শাটডাউন কর্মসূচি কেন্দ্র করে দেশে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। বিভিন্ন এলাকায় বাসে আগুন লাগানো এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। তবে ফ্যাসিস্ট হাসিনার এই কথিত কর্মসূচি জনগণ রুখে দেবে। দেশের মানুষ এখন আর ভয়-ভীতি পায় না। ফ্যাসিস্ট হাসিনার অবৈধ কর্মসূচি প্রতিহত করার ক্ষমতা জনগণের রয়েছে।
তিনি আরও বলেন, গন্তব্যের পথে ছুটছে নির্বাচনের ট্রেন, রুখতে পারবে না কেউ। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে, তবে এই নির্বাচনী যাত্রা থামানোর শক্তি কারোরই নেই। দীর্ঘ ১৭ বছর জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এবার জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুত। জনগণের ভোটেই বিএনপি ক্ষমতায় আসবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ। তোমাদের হাতে আগামী দিনের বাংলাদেশ। তাই প্রতিটি পদক্ষেপ হতে হবে দায়িত্বশীল, সচেতন ও সাহসী। বিএনপি ক্ষমতায় এলে কেরানীগঞ্জে একটি বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসিবুল হিসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন / এমএস