প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৯:১৮ পিএম আপডেট: ১৫.১১.২০২৫ ৯:২৯ PM

মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে মোংলা বন্দর শ্রমিক–কর্মচারী সংঘ মাঠে জামায়াতে ইসলামীর পৌর শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, বাগেরহাট জেলা নায়েবে আমির ও বাগেরহাট–০৩ (মোংলা–রামপাল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।
তিনি বলেন, “আগামীতে যদি মানুষ ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনে, আমরা শাসক নয় খাদেম হিসেবে দায়িত্ব পালন করবো। সরকার পরিচালনায় কোনো সুবিধা বা ব্যক্তিগত স্বার্থ নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠাই হবে মূল কাজ।”
তিনি আরও বলেন, “দেশ ও জাতির উন্নতির জন্য প্রয়োজন ভালো মানুষ ও ভালো নেতৃত্ব। শুধু ৬ দফা, ৯ দফা বা ৩১ দফা দিয়ে সমস্যা সমাধান হবে না। ভালো সমাজ ও আদর্শিক পরিবর্তন আনতে সৎ মানুষ তৈরির কোনো বিকল্প নেই।”
ওলামা সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট–০১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, জেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ আলতাফ হুসাইন, মোংলা উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল রহমান এবং জামায়াতে ইসলামীর মোংলা পৌর শাখার আমির এম.এ. বারী।
স্বদেশ প্রতিদিন/কেআইকে