প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১১:১১ AM

সংগৃহীত ছবি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার অন্যতম আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে। এই মামলায় পলাতক রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টার পর কারাগার থেকে প্রিজনভ্যানে করে কঠোর নিরাপত্তার মধ্যে মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়।
আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায়ের তারিখ নির্ধারণ হবে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে মামলাটি বর্তমানে রায়ের অপেক্ষার তালিকায় প্রথমে রয়েছে।
উল্লেখ্য, শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণার কারণে আদালতপাড়ায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে হাইকোর্ট মাজারসংলগ্ন ট্রাইব্যুনালের ফটকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। সেখানে বিজিবি ও ডিএমপির সাঁজোয়া যানও রাখা হয়েছে।