প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১১:০৩ AM

রাজধানী ঢাকায় শীতের হালকা আমেজ অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে এ পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে একটি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। একই সঙ্গে আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, উত্তরের ঠান্ডা বাতাসের প্রভাবে রাজধানীতে শীতের পরশ শুরু হয়েছে। নভেম্বরের শেষ ভাগে দেশের উত্তরাঞ্চলে শীতের প্রকোপ আরও বাড়তে পারে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে