প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৮:৩৪ AM

সংগৃহীত ছবি
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে বর্তমানে দেশটিতে অবস্থান করছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ইতোমধ্যে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের কাছে পরাজিত হয়েছে লঙ্কানরা। তবে সাম্প্রতিক বোমা হামলার ঘটনায় সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কিনা, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
গত মঙ্গলবার (১১ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আদালত কমপ্লেক্সের বাইরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত ও ২৭ জন আহত হন। ঘটনাস্থলটি রাওয়ালপিন্ডি স্টেডিয়াম থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে অবস্থিত।
এই ঘটনার পর নিরাপত্তা উদ্বেগের কারণে শ্রীলঙ্কা দলের অন্তত আটজন ক্রিকেটার পাকিস্তান ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
এসএলসি জানায়, পাকিস্তান সফরে থাকা জাতীয় দলের কয়েকজন সদস্য নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশে ফেরার অনুরোধ জানিয়েছেন।
বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ঘটনার পরপরই এসএলসি খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করেছে এবং আশ্বস্ত করেছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিতের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবুও খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং টিম ম্যানেজমেন্টকে নির্ধারিত সূচি অনুযায়ী সফর চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে পাকিস্তান ৬ রানে জয় পায়। সিরিজের বাকি দুটি ম্যাচও একই ভেন্যুতেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।