প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৬:৪২ পিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া, কসবা ও কুমিল্লা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গত এক সপ্তাহে প্রায় ৪ কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৫ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ওইসব সামগ্রী উদ্ধার করা হয়।
বুধবার (১২ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান।
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান জানান, ৫ নভেম্বর থেকে ১২ নভেম্বর সকাল পযর্ন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, শাল চাদর, ১ কোটি টাকা মূল্যের ভারতীয় খাদ্য সামগ্রী ও মাদক দ্রব্যের মধ্যে রয়েছে মদ, গাঁজা এবং ইস্কাফ সিরাপ। অভিযানে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
উদ্ধারকৃত ভারতীয় পণ্য সামগ্রী ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
স্বদেশ প্রতিদিন/ এমএস