প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৮:১০ AM আপডেট: ১২.১১.২০২৫ ৮:৫৩ এএম

সংগৃহীত ছবি
রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে মধ্যরাতে দুর্বৃত্তরা দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১২টা ৪ মিনিটের দিকে ইকবাল রোডে অবস্থিত স্কুল ভবনটিকে লক্ষ্য করে বোমা দুটি ছোড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। ঘটনাটির একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানায়, ঘটনাস্থলে দুটি মোটরসাইকেলে চারজন এসে হামলা চালায়। তারা দ্রুত পরপর দুটি পেট্রোল বোমা স্কুলের দিকেই নিক্ষেপ করে এবং মুহূর্তের মধ্যেই মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর ফুটেজে দেখা যায়, গভীর রাতে দুটি মোটরসাইকেল এসে স্কুলের সামনে কিছুক্ষণ অবস্থান করে। চালকদের মাথায় হেলমেট ছিল, আর পেছনের দুজনের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ। এরপর এক ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে পেট্রোল বোমায় আগুন জ্বেলে পরপর দুটি বোমা নিক্ষেপ করে। বিস্ফোরণের পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, “স্কুলটি লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আমরা ঘটনার উদ্দেশ্য উদঘাটন ও জড়িতদের শনাক্তের জন্য আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং বিশ্লেষণ করছি।”
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ