প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৭:৪৬ AM

ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের “আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করা হবে” — এই বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।
মঙ্গলবার (১১নভেম্বর) রাত দশটায় ঢাবির মধুর ক্যান্টিনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরবর্তীতে, ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাষ্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় তাদের “আবু সাইদের বাংলায়— চাঁদাবাজের ঠাঁই নাই, মুগ্ধের বাংলায় —চাঁদাবাজের ঠাঁই নাই, দিল্লিদাসীর পায়তারা—করতে হবে দেশছাড়া ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এ সময় ঢাবির সূর্যসেন হল সংসদের ভিপি আজিজুল হক বলেন, “জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেয়ার জন্য দেশব্যাপী আওয়ামী লীগ লকডাউনের নামে যে বিশৃঙ্খলা ও ষড়যন্ত্র করার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে বিএনপির মহাসচিব বলেছেন তিনি আওয়ামী লীগের সকল মামলা তুলে নিবেন।
তিনি বলেন, ছাত্রজনতার পক্ষ থেকে আমি স্পষ্টভাবে বলতে চাই, এটা কি আপনার ব্যক্তিগত নাকি দলীয় অবস্থান? নাকি বক্তব্যের ভুল স্বীকার করবেন? আমরা আশা করব শীঘ্রই আপনি ভুল স্বীকার করে আপনি ক্ষমা চাইবেন।
তিনি আরও বলেন, সারা দেশকে একটি পক্ষ অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের দোসররা আবার দিল্লির পতিত যে ফ্যাসিস্ট তাদেরকে ফিরিয়ে আনার জন্য দেশের অভ্যন্তরে বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে। জুলাই জনতা আওয়ামীলীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে না।
ঢাবি শিক্ষার্থী রিয়াদুল ইসলাম বলেন, “৫ আগস্টের পর থেকে তথাকথিত বৃহৎ রাজনৈতিক দলের কয়েকজন নেতা পরিকল্পিতভাবে জুলাই আন্দোলনের মূল লক্ষ্যকে বিকৃত করার চেষ্টা করছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের বিরোধী বক্তব্য দেওয়া এবং গণহত্যাকারীদের প্রতি সহানুভূতি দেখানো পুরো জাতির জন্য লজ্জাজনক।”
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ