কর্মকাণ্ড নিষিদ্ধ আ. লীগের ৫৫২ নেতাকর্মী গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৫:৫৬ পিএম

ঢাকার বিভিন্ন এলাকায় গত ১১ দিনে কর্মকাণ্ড নিষিদ্ধ করা আওয়ামী লীগের ৫৫২ জন নেতা ও কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার এই তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী।
ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিষিদ্ধ দলের সদস্যরা ১ থেকে ১১ নভেম্বর রাজধানীর বিভিন্ন এলাকায় ১৭টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এছাড়া, গত দুই দিনে রাজধানীতে ৯টি গাড়িতে আগুন লেগেছে। এই দুই দিনের ঘটনায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১৭টি মামলা করা হয়েছে।
কমিশনার জানান, গত অক্টোবর থেকে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠন অস্তিত্ব জানানোর জন্য ১৪টি ঝটিকা মিছিল করেছে। এসব মিছিলে ঢাকার বাইরে থেকে লোকজন ঢাকায় এসে টাকার বিনিময়ে অংশ নিয়ে আবার চলে যায়।
তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে যে, বিস্ফোরণ ঘটানোর সময় হেলমেট ও মাস্ক পরা অবস্থায় অপ্রাপ্তবয়স্কদের ব্যবহার করা হচ্ছে।
আসন্ন ১৩ নভেম্বর আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি নিয়ে তিনি বলেন, “কোনো আশঙ্কা নেই। ঢাকাবাসী এই ধরনের কর্মকাণ্ড রুখে দেবে। ওই দিন বিপুলসংখ্যক পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ঢাকায় মোতায়েন থাকবে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ