| শিরোনাম: |

ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আসন্ন বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট বিক্রি শুরু হতেই মুহূর্তে হুড়োহুড়ি পড়ে যায় ফুটবলপ্রেমীদের মধ্যে। জনপ্রিয় ‘Quicket’ টিকিটিং প্ল্যাটফর্মে আজ (১০ নভেম্বর) দুপুর ২টা থেকে বিক্রি শুরু হওয়ার মাত্র ৪ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় সব টিকিট।
ভারতের বিপক্ষে এই ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে—কারণ হামজা চৌধুরী ও সমিত সোমের মতো তারকা খেলোয়াড়রা এবার মাঠে নামছেন। বাফুফে জানিয়েছে, ম্যাচের টিকিট ৬টি ক্যাটাগরিতে বিক্রি করা হয়। গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছিল ৫০০ টাকা, আর ক্লাব হাউস ২ ও ভিআইপি বক্স ৩-এর টিকিটের দাম ছিল ৩ হাজার টাকা করে। ভিআইপি বক্স ২, ক্লাব হাউস ১ ও রেড বক্সের টিকিটের দাম যথাক্রমে ৪, ৫ ও ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার এই বহুল প্রত্যাশিত ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৮ নভেম্বর, যা এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের অংশ। এর আগে প্রস্তুতিমূলক ম্যাচ হিসেবে বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের বিপক্ষে, ১৩ নভেম্বর। তবে ভারতের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য আনুষ্ঠানিকতা মাত্র—কারণ গত ১৪ অক্টোবর হংকংয়ের কাছে হেরে মূলপর্বে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে লাল-সবুজদের।
নেপাল ও ভারতের ম্যাচকে সামনে রেখে ৩০ অক্টোবর থেকে শুরু হয়েছে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের অনুশীলন ক্যাম্প। ৫ নভেম্বর ঘোষণা করা হয় দল। ক্যাম্পে আজ যোগ দেওয়ার কথা হামজা চৌধুরীর, আর সমিত সোম যোগ দেবেন আগামীকাল—কারণ তার দল সম্প্রতি কানাডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল খেলেছে।
এই ফিফা উইন্ডো বাংলাদেশের জন্য আরও বিশেষ একটি কারণে গুরুত্বপূর্ণ—প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ইংল্যান্ডের সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা কিউবা মিচেল। বসুন্ধরা কিংসের এই মিডফিল্ডার ড্রিবলিং, শর্ট পাসিং ও কুইক ট্রাঞ্জিশনে দক্ষ। তিনি খেলার টেম্পো নিয়ন্ত্রণে পারদর্শী এবং ট্যাকলিংয়েও সমানভাবে কার্যকর ভূমিকা রাখতে পারেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ