| শিরোনাম: |

পাঞ্জাবি জনপ্রিয় গায়ক দিলজিৎ দোসাঞ্জ আবারও হুমকির মুখে পড়েছেন। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে বিতর্কে জড়ানোর পর থেকেই তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। এর মধ্যেই ১ নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে তার সঙ্গীতানুষ্ঠানের ট্যুর।
তবে দিলজিৎকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক থামছেই না। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, এক অনুষ্ঠানের সময় খালিস্তানপন্থি একদল ব্যক্তির হুমকির মুখে পড়েন তিনি। এমনকি গায়কের বিরুদ্ধে স্লোগানও দেওয়া হয়। অকল্যান্ডে তার পরবর্তী অনুষ্ঠান বন্ধ করার হুমকিও দেওয়া হয়েছে।
দিলজিতের ভক্তরা তার কনসার্ট ঘিরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছিলেন, তবে এ ঘটনাকে কেন্দ্র করে তারা এখন উদ্বিগ্ন। অনেকেই জানতে চাইছেন, অকল্যান্ডের অনুষ্ঠানে কি গায়ক ও তার দল কোনো বড় ধরনের সমস্যার মুখে পড়বেন?
তবে দিলজিৎ নিজে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের পক্ষে মত দিয়েছেন। তিনি ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছেন, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শ্রোতাদের ভালোবাসা থেকে তিনি যেন বঞ্চিত না হন, সে আশা প্রকাশ করেছেন এই জনপ্রিয় তারকা।
স্বদেশ প্রতিদিন/ আরএফ