| শিরোনাম: |

পুরান ঢাকায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন তারিক সাঈফ মামুন (৫৫) নামে এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, নিহত মামুন ছিলেন রাজধানীর কুখ্যাত ‘শীর্ষ সন্ত্রাসী’।
জানা গেছে, চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই সাঈদ আহমেদ টিপু হত্যা মামলায় আসামি ছিলেন মামুন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মামুনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
কোতোয়ালি থানার ট্রাফিক ইন্সপেক্টর নাসির উদ্দিন বলেন, “গুলির শব্দ শুনে ঘটনাস্থলে এসে দেখি এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছে।” পরে জাতীয় পরিচয়পত্র যাচাই করে নিহত ব্যক্তির নাম ও পরিচয় নিশ্চিত করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুইজন মোটরসাইকেল আরোহী হাসপাতালের প্রবেশমুখে এসে পেছন দিক থেকে মামুনকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন, এরপর হামলাকারীরা মোটরসাইকেলে পালিয়ে যায়।
ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, “নিহত ব্যক্তি ইমন গ্রুপের শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈফ মামুন। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি এবং দ্রুত অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।”
এর আগে, ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর তেজগাঁও শিল্পাঞ্চলে মামুনকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালালে পথচারী ভুবন চন্দ্র শীল গুলিবিদ্ধ হন। পরবর্তীতে ২৫ সেপ্টেম্বর তিনি মারা যান। তখন পুলিশের দাবি ছিল, মামুনকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল কারাবন্দী সন্ত্রাসী সানজিদুল ইসলাম ওরফে ইমন-এর সহযোগীরা। কয়েক মাস আগে জামিনে মুক্ত হয়েছিলেন মামুন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ