আওয়ামী সরকারের আমলে দায়ের করা একটি রাজনৈতিক মামলায় ঢাকা কোর্টের আইনজীবী আব্দুর রাকিবকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার (১০ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় রায়ের ভিত্তিতে ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর শাকিল উদ্দিন ও আইনজীবী আবু বকর ছিদ্দিক ও আইনজীবী ইব্রাহিম শুনানিতে অংশগ্রহণ করে আপিলের শর্তে জামিনের আবেদন করেন তারপর বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এরআগে সাভার থানার মামলাটি করা হয়েছিল ২০১৩ সালে, যেখানে আইনজীবী আব্দুর রাকিবসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ধারা অনুযায়ী অভিযোগগুলো ছিল বেআইনি সমাবেশ, সরকারি-বেসরকারি সম্পত্তি ক্ষতিসাধন ও অগ্নিসংযোগ সংক্রান্ত।
সূত্র জানায়, দীর্ঘ প্রায় এক দশক পর মামলার বিচার শেষে ২০২৩ সালে আদালত রায় প্রদান করেন। রায়ে আসামি আইনজীবী আব্দুর রাকিবকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
তরুণ আইনজীবী আবু বকর ছিদ্দিক বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এ মামলার রায়ে ন্যায়বিচার প্রশ্নবিদ্ধ হয়েছে।”
তিনি আরো বলেন, “সরকারের সময়কার বিরোধী মত দমনে এ ধরনের মামলাগুলো একসময় রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল।”
উল্লেখ্য, মামলাটি ২০১৩ সালের রাজনৈতিক সহিংসতার সময় দায়ের করা হয়, যখন সারাদেশে বিরোধী দলগুলোর আন্দোলনের প্রেক্ষিতে ব্যাপক গ্রেপ্তার অভিযান চালানো হয়েছিল। তখন আব্দুর রাকিব ছাত্রশিবির ঢাকা জেলা উত্তরের সভাপতি ছিলেন।