| শিরোনাম: |

মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তের কাছে ৯০ অভিবাসী নিয়ে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে বহু মানুষ নিখোঁজ রয়েছেন। মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় একজন বাংলাদেশিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, যাত্রীরা মায়ানমারের বুথিডং এলাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন। তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন রোহিঙ্গা ও মায়ানমার নাগরিক। তবে স্বপ্নের গন্তব্যে পৌঁছানোর আগেই তারুতো দ্বীপের কাছে নৌকাটি ডুবে যায়। এতে এক রোহিঙ্গা নারী মারা যান এবং অনেকে নিখোঁজ হন।
মালয়েশিয়ার উদ্ধারকারী দল জানিয়েছে, এখন পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিনজন মায়ানমার নাগরিক, দুজন রোহিঙ্গা পুরুষ এবং একজন বাংলাদেশি রয়েছেন। উদ্ধার হওয়া বাংলাদেশির পরিচয় এখনও প্রকাশ করেনি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
স্থানীয় পুলিশের বরাতে জানা গেছে, অভিবাসীরা প্রথমে একটি বড় জাহাজে যাত্রা শুরু করেন। পরে কর্তৃপক্ষের নজর এড়াতে তাদের তিনটি ছোট নৌকায় ভাগ করে দেওয়া হয়, প্রতিটিতে ৯০ থেকে ১০০ জন ছিল। এর মধ্যে দুটি নৌকার কোনো খোঁজ মেলেনি এখনো।
প্রবল ঢেউয়ের মধ্যেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজদের জীবিত পাওয়ার আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল। উদ্ধার হওয়া বাংলাদেশি বর্তমানে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আছেন এবং তার শারীরিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ