
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে এবং দেশের জনগণ যদি বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে বিএনপি একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে।
রবিবার (৯ নভেম্বর) দুপুরে নরসিংদী-২ (পলাশ) আসনের ঘোড়াশালের ঘোড়া চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা।
ড. মঈন খান বলেন, “ইনশাল্লাহ, আমরা তারেক রহমানের নেতৃত্বে সেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করবো।” এই নতুন বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার এবং কোটি কোটি দরিদ্র মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব এবং তারেক রহমানের দিকনির্দেশনায় বিএনপি বাংলাদেশে পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনবে।
তিনি আরও বলেন, “১৯৭১ সালে বাংলাদেশের মানুষ যে দুটি উদ্দেশ্য নিয়ে যুদ্ধ করেছিল—একটি ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং অপরটি ছিল দরিদ্র মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা—দুঃখজনকভাবে স্বাধীনতার পর আওয়ামী লীগ সেই গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করেছিল। কিন্তু ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বর ছাত্র-জনতা বিদ্রোহ করে সেই ফ্যাসিবাদী শাসনব্যবস্থাকে প্রতিহত করে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেশের নেতৃত্ব দেয়।”
ড. মঈন খান বলেন, “১৯৭১ সালের ২৬ মার্চের কালো রাতে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এবং পাক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান জানান। আমরা আজ ৭ নভেম্বরের এই দিনটিতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, কারণ তিনিই প্রকৃত অর্থে বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। আমরা সেই ইতিহাসকে আবার নতুন করে বিশ্বের সামনে তুলে ধরতে চাই, যাতে সবাই দেখতে পারে—বাংলাদেশের মানুষ অন্যায়, জুলুম, মানবাধিকার লঙ্ঘন ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে একতাবদ্ধ।”
এসময় উপস্থিত ছিলেন—পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম এ সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, পলাশ উপজেলার যুবদলের আহ্বায়ক নেছার খান,পলাশ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ খাঁন, জিনারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লা প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/ এমএস