‘দ্য বিট অব সোলস’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয় ২১ ব্যাচের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সঙ্গীতানুষ্ঠান ‘ক্যাফে আনপ্লাগড সিজন নাইন’।
গতকাল শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের ধারাবাহিকতায় আয়োজিত এ মনোমুগ্ধকর আয়োজনটি অনুষ্ঠিত হয় খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাফেটোরিয়ার প্রাঙ্গণে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। উপাচার্য বলেন, “শিক্ষার্থীদের শিল্প-সংগীতের চর্চা বিশ্ববিদ্যালয় জীবনের একটি অপরিহার্য অংশ। এমন আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, দলগত কাজের মানসিকতা ও আবেগকে আরও বিকশিত করে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেবল একাডেমিক ক্ষেত্রেই নয়, সাংস্কৃতিক ক্ষেত্রেও নিজেদের অনন্যতা প্রমাণ করে চলেছে।”
আয়োজক ব্যাচের শিক্ষার্থীরা জানান, ‘দ্য বিট অব সোলস’ শিরোনামটি বেছে নেওয়া হয়েছে সংগীতের মধ্য দিয়ে আত্মার অনুরণনকে ফুটিয়ে তোলার জন্য। এ আয়োজনে পরিবেশিত হচ্ছে বিভিন্ন ধরনের গান। যেখানে শিক্ষার্থীরা আধুনিক, ব্যান্ড, লোক ও ফিউশন ঘরানার গান পরিবেশন করেন।
শিক্ষার্থীরা বলেন “আমরা চেয়েছি এক সন্ধ্যায় সবাই যেন সুর, ছন্দ আর আবেগে ডুবে যেতে পারি। এই আয়োজন আমাদের ব্যাচের জন্য শেষ থেকে শুরুর স্মৃতিময় দিন।”
এদিন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থী, শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। গান, গিটার ও আলোছায়ার মেলবন্ধনে পুরো ক্যাফেটোরিয়া রঙিন হয়ে ওঠে সংগীতের উৎসবে।