প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৮:৪৭ AM

সংগৃহীত ছবি
সৌদি আরবে এখনো বহু অবৈধ প্রবাসী বসবাস করছেন। তাদের দেশে ফেরার প্রক্রিয়া আরও সহজ করতে এবার নতুন এক ডিজিটাল ব্যবস্থা চালু করতে যাচ্ছে দেশটির সরকার। ‘সেলফ-ডিপোর্টেশন প্ল্যাটফর্ম’ নামের এই আধুনিক উদ্যোগের ঘোষণা দিয়েছে সৌদি পাসপোর্ট অধিদফতর (জাওয়াজাত)।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্থানীয় সময় অনুষ্ঠিত ডিজিটাল গভর্নমেন্ট ফোরাম ২০২৫-এ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে অবৈধ প্রবাসীরা অনলাইনে আবেদন করে নিজ দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এতে দীর্ঘদিনের জটিল ও সময়সাপেক্ষ প্রশাসনিক ধাপগুলো সহজ হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া বিমানবন্দর ও সীমান্তে যাত্রী চলাচল আরও আধুনিক করতে ‘স্মার্ট ট্র্যাক’ নামে নতুন প্রযুক্তি চালুর পরিকল্পনাও জানিয়েছে কর্তৃপক্ষ। এই ব্যবস্থায় যাত্রীরা স্মার্ট ক্যামেরার মাধ্যমে পরিচয় যাচাই করে পাসপোর্ট কর্মকর্তার সরাসরি সংস্পর্শ ছাড়াই সীমান্ত অতিক্রম করতে পারবেন।
একইসঙ্গে ‘ডিজিটাল টুইনস’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি প্রযুক্তিও চালু হবে, যা জনসমাগমের গতিবিধি বিশ্লেষণ, অপেক্ষার সময় নির্ধারণ এবং সেবার মান পর্যবেক্ষণ করবে।
সৌদি সরকারের মতে, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ২০৩০ সালের আগেই দেশটির ভ্রমণ ও প্রবাসী সেবা খাতে এক নতুন যুগের সূচনা হবে, যেখানে প্রযুক্তি হবে উন্নয়নের মূল চালিকা শক্তি।