প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৩:৪৭ AM আপডেট: ০৮.১১.২০২৫ ৩:৫১ এএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ বাংলাবাজার–বামনী বাজার সড়কটি এখন যেন অবৈধ বালু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে। বর্ষাকাল থেকে শরৎকাল পর্যন্ত এই সড়কটি ইজারা থাকে অবৈধ বালু ব্যবসায়ীদের হাতে, আর বছরের বাকি সময় দখল করে রাখে মাটি ও বালু ব্যবসায়ীরা।
স্থানীয়দের অভিযোগ, এই ব্যবসায়ীদের অবাধ চলাচল ও ভারী যানবাহনের কারণে রাস্তাটির বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। খানাখন্দে ভরা রাস্তায় সাধারণ মানুষ, স্কুল–কলেজের শিক্ষার্থী এমনকি রিকশা–অটোরিকশা চালকরা চলাচল করতে হিমশিম খাচ্ছেন। বৃষ্টির সময় রাস্তাটি কাদা-পানিতে তলিয়ে যায়, শুকনো মৌসুমে উড়তে থাকে ধুলার ঝড়।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের কোম্পানীগঞ্জের রাস্তাগুলো যেন সরকারি সম্পদ নয়, কিছু বালু ব্যবসায়ীর ব্যক্তিগত সম্পত্তি হয়ে গেছে। জনগণের দুর্ভোগ যেন কারো দেখারই নেই।
তাদের অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছেন, বরং কেউ কেউ এসব অবৈধ বালু ব্যবসার ভাগীদার বলেও দাবি করেছেন অনেকে।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, যারা প্রতিদিন মাইকে জনগণের সেবা করার কথা বলেন, তারা এই রাস্তায় একবার হেঁটে দেখুন—তাহলেই বুঝবেন জনগণের দুর্ভোগ কাকে বলে।
অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটির সংস্কার ও অবৈধ দখলমুক্ত করার দাবি জানিয়েছে স্থানীয় জনসাধারণ। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং জনগণের এই দুর্ভোগের স্থায়ী সমাধান হয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ