ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার (৭ নভেম্বর) ভোর সোয়া ছয়টার দিকে উপজেলা সদরের বড্ডাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে মালবোঝাই একটি ট্রাক হবিগঞ্জের দিকে যাচ্ছিল। ঢাকা-সিলেট মহাসড়কে যানজট থাকায় ট্রাকটি বিকল্প রুট হিসেবে সরাইল-নাসিরনগর-লাখাই সড়ক ব্যবহার করছিল। পথিমধ্যে বড্ডাপাড়ায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাকচালককে আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।