
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বগুড়ায়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকিয়া আফরোজ।
তিনি বলেন, “আইন প্রয়োগের পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় খাদ্যপণ্যকে অনিরাপদ করে তুলছে, যা কখনোই কাম্য নয়। বর্তমানে মানুষের বড় অংশের আয় ব্যয় হচ্ছে চিকিৎসা খাতে এ বিষয়টি আমাদের সবার ভাবার সময় এসেছে।”
তিনি আরও বলেন, “শুধু আইন প্রয়োগ বা জরিমানার মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা সম্ভব নয়। খাদ্য নিরাপত্তায় হোটেল, রেস্তোরাঁ, খাদ্য উৎপাদক ও ব্যবসায়ীসহ সবার দায়িত্ব রয়েছে। পাশাপাশি কৃষকদের কীটনাশক ব্যবহারে প্রশিক্ষণ দেওয়া অত্যন্ত জরুরি।”
বগুড়া জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা কর্মশালার সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য আ.ন.ম. নাজিম উদ্দীন (যুগ্ম সচিব), বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা (পিপিএম) এবং সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মো. ফিরোজ, জেলা মৎস্য কর্মকর্তা কালীপদ রায়, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান, ব্রেড, বিস্কুট অ্যান্ড কনফেকশনারি মালিক সমিতির সভাপতি ও আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলাল, জেলা রেস্তোরা মালিক সমিতির সভাপতি রেজাউল করিম সরকার রবিনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
কর্মশালায় নিরাপদ খাদ্যের উপাদান, স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধে করণীয় ও সচেতনতা বৃদ্ধির উপায় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় অংশগ্রহণকারীদের জন্য একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়, যেখানে নিরাপদ খাদ্য নিশ্চিতে করণীয় পদক্ষেপগুলো তুলে ধরা হয়।
স্বদেশ প্রতিদিন/কেআইকে