প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৪:০১ পিএম

বিএনপি নেতা এম নাসের রহমানের ‘হবিগঞ্জের বাস মৌলভীবাজারে চলতে দেওয়া হবে না’ এমন ঘোষণায় উত্তপ্ত হয়ে উঠেছে হবিগঞ্জের পরিবহন অঙ্গন।
এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ হুঁশিয়ারি দিয়েছে, “আগামী ৮ নভেম্বরের পর হবিগঞ্জের বাস মৌলভীবাজারে চলাচলে বাধা দেওয়া হলে, পুরো মৌলভীবাজার জেলা অচল করে দেওয়া হবে।”
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই হুঁশিয়ারি দেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১ নভেম্বর শ্রীমঙ্গল-সিলেট রুটে একটি নতুন বাস সার্ভিসের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এম নাসের রহমান বলেন, “হবিগঞ্জের মানুষ সন্ত্রাসী ও ইতর। ৮ নভেম্বরের পর হবিগঞ্জের বাস মৌলভীবাজারে চলতে দেওয়া হবে না।”
এই মন্তব্য ও ঘোষণাকে ‘অপমানজনক’ এবং ‘উসকানিমূলক’ বলে অভিহিত করেন হবিগঞ্জের পরিবহন নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সদস্য সচিব আবু মঈন চৌধুরী সোহেল। তিনি বলেন, “হবিগঞ্জের বাস মৌলভীবাজারে চলাচলে বাধা দেওয়া হলে মৌলভীবাজারের সঙ্গে সারা দেশের সড়ক ও রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে। ঢাকা-সিলেট মহাসড়ক ও রেলপথ অবরোধের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “আমরা কোনো জেলায় শত্রুতা চাই না। কিন্তু হবিগঞ্জের মানুষকে অপমান করা ও তাদের জীবিকা বন্ধের হুমকি সহ্য করা হবে না।”
সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক মো. ফজলুর রহমান, সিনিয়র সহসভাপতি মো. শাহজাহান মিয়া, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ পরিবহন মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
নেতারা জানান, বিষয়টি সমাধান না হলে ৯ নভেম্বর থেকে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে