
সাতক্ষীরায় গ্রীন ইনোভেশন ফেয়ার-২০২৫
পরিবেশবান্ধব উদ্ভাবন ও তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ‘সবুজ উদ্ভাবন মেলা-২০২৫’ বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় শহরের তুফান কনভেনশন সেন্টার (লেকভিউ)-এ এই আয়োজন অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো আয়োজিত এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় মেলাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস এবং প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. বদরুদ্দোজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাশ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফতেমা তুজ-জোহরা, সদর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা প্লাবনী, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্তসহ আরো অনেকে। মেলায় ১৫টি স্টলে অংশ নেন তরুণ সবুজ উদ্যোক্তারা।
মেলায় ১৫টি স্টলে অংশ নেয় তরুণ সবুজ উদ্যোক্তারা। প্রদর্শিত উদ্ভাবনের মধ্যে ছিল ইকোব্রিক বা সবুজ ব্রিকেট, ভার্মি কম্পোস্ট, অর্গানিক সবজি ও আদা চাষ, প্লাস্টিক ও পাটজাত পুনর্ব্যবহারযোগ্য পণ্য, ছাদকৃষি, মৌচাকের মোম দিয়ে শোপিস তৈরি, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, এবং প্রাকৃতিক উপাদানে তৈরি সাবান ও তেল।
স্বাগত বক্তব্যে সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস বলেন,বাংলাদেশে টেকসই উন্নয়ন ও জলবায়ু সহনশীল সমাজ গঠনে তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তা এখন সময়ের দাবি।
একশনএইড বাংলাদেশ এর সিনিয়র অফিসার মাহিনুর রহমান মেলার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং সাতক্ষীরা ইয়ুথ হাবের সভাপতি সাকিব হাসান পরিবেশবান্ধব উদ্যোক্তা বিষয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
মেলার শেষে সবুজ উদ্যোক্তাদের মধ্য থেকে ৩ জনকে জাতীয় পর্যায়ে প্রোডাক্ট প্রদর্শনের জন্য নির্বাচিত করা হয়। এছাড়া অংশগ্রহণকারী প্রতিটি স্টলকে পুরস্কৃত করা হয়।
আয়োজকরা জানান, এই মেলার মূল উদ্দেশ্য তরুণ উদ্যোক্তাদের পরিবেশবান্ধব উদ্ভাবন প্রদর্শনের সুযোগ সৃষ্টি করা, টেকসই ভোগ ও উৎপাদন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে সবুজ অর্থনীতির বিকাশ ঘটানো।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ