প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১১:২৬ AM

সংগৃহীত ছবি
আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে নিলাই এলাকার একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ১৮৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগ।
নেগেরি সেম্বিলানের ইমিগ্রেশন পরিচালক কেনিথ তান আই কিয়াং জানিয়েছেন, আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ১৬৩ জন পুরুষ এবং ২১ জন নারী, যাদের বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে। তবে কতজন বাংলাদেশি আটক হয়েছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
তিনি আরও জানান, বৈধ পারমিট ছাড়া কাজ করার অভিযোগে জনসাধারণের দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অনেকেই গ্রেপ্তার এড়াতে কারখানার ভেতরে লুকানোর চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত কেউই রক্ষা পাননি।
আটকদের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য। তাদের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে বৈধ ভ্রমণ নথি না থাকা, মেয়াদোত্তীর্ণ অবস্থায় দেশে থাকা এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ ও ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘন।