প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১১:০৯ AM

সংগৃহীত ছবি
নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে নবম দিনের আপিল শুনানি চলছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে দ্বিতীয় দিনের মতো শুনানি শুরু হয়। এদিন রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
এর আগে বুধবার তিনি প্রায় দেড় ঘণ্টা ধরে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায় বহাল থাকা উচিত নয়। তিনি আরও উল্লেখ করেন, রায় পরিবর্তন করে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দণ্ডনীয় অপরাধ করেছেন বলে গণ্য করা উচিত।
১৯৯৬ সালে জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী পাস হয়। পরে এর বৈধতা চ্যালেঞ্জ করে তিন আইনজীবী রিট দায়ের করেন।
২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে বাতিল করেন। এরপর ৩০ জুন সংসদে পাস হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন, যা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে।
বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক এবং এক ব্যক্তি ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন করেন। সেই রিভিউ আবেদন থেকেই আপিল শুনানির জন্য গত ২৭ আগস্ট লিভ মঞ্জুর করে ২১ অক্টোবর শুনানির দিন ধার্য করা হয়।
অন্যদিকে গত ১৭ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ পঞ্চদশ সংশোধনীর ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করেন।