প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৯:০৯ AM

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে ইউপিএসের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় লুইসভিল মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে।
বৃহস্পতিবার সকালে নিহতের সংখ্যা নিশ্চিত করেন রাজ্যের গভর্নর অ্যান্ডি বেশিয়ার।
তিনি জানান, স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে বিমানটি উড্ডয়নকালে হঠাৎ বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে শিশু রয়েছে, এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
জাতীয় পরিবহন ও নিরাপত্তা বোর্ডের (এনটিএসবি) তথ্য অনুযায়ী, উড্ডয়নের সময় বিমানের বাঁ দিকের ইঞ্জিনে আগুন ধরে যায়, যা মুহূর্তেই ভয়াবহ অগ্নিকাণ্ডে রূপ নেয়। এতে আকাশে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং আশপাশের একটি তেল পুনর্ব্যবহার কেন্দ্র ও গাড়ির যন্ত্রাংশ কারখানা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় আরও এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। দগ্ধ অনেকের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কেউ কেউ ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছেন।
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, বিমানটিতে তিনজন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যায়, রানওয়ের পাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী ও জ্বলন্ত আগুন। নিরাপত্তার জন্য স্থানীয় পুলিশ বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, ইউপিএসের প্রধান বিমানঘাঁটি লুইসভিল শহরেই অবস্থিত, যেখানে প্রতিদিন প্রায় ৪০০টি ফ্লাইট ওঠানামা করে। দুর্ঘটনার কারণ উদঘাটনে এনটিএসবি ও এফএএ যৌথ তদন্ত শুরু করেছে।