প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৯:২৮ AM

সংগৃহীত ছবি
বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে আসছে ভারত, তবে দলটিতে থাকছেন না তাদের কিংবদন্তি স্ট্রাইকার সুনীল ছেত্রী। আগামী ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। বুধবার ভারতীয় ফুটবল দল তাদের স্কোয়াড ঘোষণা করে, একই দিন বাংলাদেশ দলও ঘোষণা দেওয়া হয়।
গ্রুপ ‘সি’-এর এই ম্যাচটি মূলত নিয়মরক্ষার, কারণ দুই দলই আগেই বাছাইপর্ব থেকে বিদায় নিয়েছে। তাই তরুণ খেলোয়াড়দের পরীক্ষা-নিরীক্ষার লক্ষ্যেই ভারতীয় কোচ খালিদ জামিল দল সাজিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ভারতের ঘোষিত ২৩ সদস্যের দলে ফরোয়ার্ড হিসেবে আছেন ইরফান ইয়াদওয়াদ, লালিয়ানজুয়ালা ছাংতে, মোহাম্মদ সানান, রহিম আলি ও বিক্রম প্রতাপ সিংহ। গোলরক্ষক হিসেবে ডাক পেয়েছেন গুরপ্রীত সিংহ সান্ধু, হৃত্বিক তিওয়ারি ও সাহিল। ডিফেন্ডার বিভাগে রয়েছেন আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিকাশ ইউমনাম, হামিংথানমাউইয়া রালতে, মহম্মদ উভাইস, পরমবীর, রাহুল বেকে ও সন্দেশ ঝিঙ্ঘান।
মিডফিল্ডে সুযোগ পেয়েছেন আশিক কুরুনিয়ান, ব্রিসন ফার্নান্ডেজ, লালরেমলুঙ্গা ফানাই, ম্যাকার্টন লুইস নিকসন, মহেশ সিংহ নওরেম, নিখিল প্রভু ও সুরেশ সিংহ ওয়াংজাম। আজ (বৃহস্পতিবার) থেকে বেঙ্গালুরুতে শুরু হবে ভারতের প্রস্তুতি ক্যাম্প।
গ্রুপ ‘সি’-তে চার ম্যাচে দুই দলই এখনো জয়হীন। বাংলাদেশ ও ভারতের সংগ্রহ ২টি করে ড্র থেকে সমান ২ পয়েন্ট। ফলে হংকং ও সিঙ্গাপুরের মধ্যেই চলছে এশিয়ান কাপে ওঠার মূল লড়াই। সমান ৮ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে আছে হংকং।