
ভূমিকা
বর্তমান যুগ মানব সমাজের অভাবনীয় উন্নতির যুগ। জীবনের নানা ক্ষেত্রে নানা ধরনের প্রযুক্তির অগ্রগতি, সাম্প্রতিক সময়ে বহুলভাবে জনপ্রিয় হয়ে ওঠা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব, অতীতকে অতি দ্রুত পেছনে ফেলে এগিয়ে আসা বিশ্বায়নের প্রবল ধারা এবং ভূরাজনৈতিক বলয়ে ক্রমবর্ধমান শক্তির প্রতিযোগিতা—সব মিলিয়ে আজকের পৃথিবী এক জটিল বাস্তবতায় পরিণত হয়েছে। সময়টা বেশ ঝুঁকিপূর্ণ বলা যায়!
এই প্রেক্ষাপটে আমাদের প্রিয় সন্তানদের জন্য কেবল 'পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা'ই যথেষ্ট নয়; বরং তাদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে, মানবিক মূল্যবোধে বলীয়ান হয়, এবং সমাজ ও দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। কিন্তু কীভাবে একজন অভিভাবক ও/বা শিক্ষক বর্তমান প্রজন্মের শিশুদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলবেন? এর উত্তর নিহিত রয়েছে সুশিক্ষা, নৈতিক দিকনির্দেশনা, মানসিক যত্ন, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং পারিবারিক মূল্যবোধের সমন্বয়ের ভেতর।
১. মানবিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষা
যোগ্য মানুষ মানেই শুধুমাত্র পেশাগতভাবে সফল ব্যক্তি নয়; বরং আমরা এমন একজন মানুষকে বুঝি যিনি নৈতিকভাবে দৃঢ়, দায়িত্বশীল ও সহমর্মী। তাই সন্তানদের ছোটবেলা থেকেই নৈতিক মূল্যবোধ শেখাতে হবে।
পরিবারই এই শিক্ষার 'প্রথম শিক্ষাঙ্গন' বা সুতিকাগার। সন্তান যখন দেখে তার বাবা-মা সততা, সময়ানুবর্তিতা, পরিশ্রম ও সহানুভূতির চর্চা করছেন, তখন সে নিজের মধ্যেও এই গুণগুলো গড়ে তোলে। ধর্মীয় ও নৈতিক গল্প শোনানো, সত্য বলার অভ্যাস তৈরি করা, এবং ভুল করলে তা স্বীকার করে নেওয়ার সাহস শেখানো—এসবই তার নৈতিক চরিত্রের ভিত্তি তৈরি করে।
বর্তমান সময়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রকার ভ্রান্ত ধারণা সহজেই ছড়িয়ে পড়ছে, তখন শিশুদের মাঝে সত্য ও মিথ্যা পার্থক্য করার ক্ষমতা তৈরি করা অত্যন্ত জরুরি। এর প্রধান সহায়ক হচ্ছে ধর্মীয় অনুশীলন। মাতা পিতাকে ধর্মীয় কাজকর্মে আন্তরিক দেখতে পেলে, এতে স্বাভাবিক ভাবেই সন্তান প্রভাবিত হবে। যেমনঃ নামাজ পড়া কোরআন হাদিস পড়া এবং মানুষকে সাহায্য করা। সাধারণভাবে সন্তানরা গড়ে ওঠার কথা মাতা পিতার ফটোকপি বা ইমেজ হিসেবে। মৌখিকভাবে সন্তানদের যত ভালো কথাই বলা হোক না কেন, তারা তাদের পিতা-মাতা ও শিক্ষকদের মধ্যে যে চরিত্র দেখতে পাবে সেটাই তাদের মনে সবচেয়ে গভীর দাগ কেটে যাবে।
২. খোলামেলা যোগাযোগ ও পারিবারিক বন্ধন
সন্তানের মানসিক বিকাশে খোলামেলা যোগাযোগের (বা কমিউনিকেশন) ভূমিকা অপরিসীম। আজকের ব্যস্ত জীবনে বাবা-মায়েরা প্রায়ই সন্তানদের সঙ্গে সময় কাটাতে পারেন না, ফলে একটি মানসিক দূরত্ব তৈরি হয়। অথচ, সন্তানদের নিজের চিন্তা, ভয় বা কৌতূহল কারো না কারো কাছে প্রকাশের সুযোগ প্রয়োজন। এসবের মাধ্যমে তারা আত্মবিশ্বাসী হয়ে ওঠে। আপনি সেই সুযোগ না দিলে সে হয়তো মুখচোরা হয়ে একা হয়ে যাবে অথবা এমন কারো সাথে শেয়ার করবে যার শিক্ষা দীক্ষা ও নৈতিকতা মান অত্যন্ত খারাপ।
প্রতিদিন পরিবারের সবাই মিলে একসাথে খাবার খাওয়া, দিনের অভিজ্ঞতা ভাগাভাগি করা কিংবা একসাথে সময় কাটানো—এসব ছোট ছোট অভ্যাস পারিবারিক বন্ধন দৃঢ় করে। নিজেকে প্রশ্ন করুনঃ কতদিন সবাই মিলে একসাথে গ্রামে অথবা অনেক দূরে কোন আত্মীয় বাড়িতে বেড়াতে যান নি? প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে অন্তত কিছু সময়ের জন্য, তা না হলে নিদেনপক্ষে সপ্তাহে একবার, পুরো পরিবার একই বিছানায় পাশাপাশি শুয়ে বসে গল্প করেছেন? যাদের এমন স্মৃতি নেই দুর্ভাগ্য তাদের জন্য।
সন্তানদের সাথে বিভেদের দেয়াল তৈরি করবেন না। সন্তান কোনো ভুল করলে তাকে কড়া সমালোচনা না করে ধৈর্যের সঙ্গে বোঝানো উচিত, যাতে সে শেখার সুযোগ পায়। তাকে বড় হওয়ার সুযোগ দিন। এখনই সবকিছু বড়দের মতো পারফেক্ট আশা করা সঠিক নয়।
৩. শিক্ষার প্রতি ভালোবাসা ও শেখার আনন্দ
শিক্ষা কেবল পরীক্ষার জন্য নয়; বরং জীবনের জন্য। সন্তানদের শিক্ষার প্রতি ভালোবাসা জাগাতে হবে, শুধুমাত্র ভালো ফলাফলের জন্য নয়, জ্ঞান আহরণের আনন্দ বোঝানোর জন্যও। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজে অংশ নিতে উৎসাহিত করুন। এ ধরনের শিশু সংগঠন বা স্বেচ্ছাসেবী প্লাটফর্মের সাথে পরিচয় করিয়ে দিন। ন্যুনপক্ষে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে দিন।
তাদের আগ্রহ ও মেধার দিকটি চিনে নিয়ে উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন। কেউ বিজ্ঞান ভালোবাসে, কেউ শিল্প, আবার কেউ খেলাধুলায় পারদর্শী—এই বৈচিত্র্যকে মূল্য দিতে হবে। সুযোগ করে দিলে আপনি দেখতে পাবেন ওরা কত সহজে রোবোটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)-এর মতো জটিল বিষয়কে আয়ত্ত করে নিচ্ছে।
এছাড়া, প্রশ্ন করার অভ্যাস ও সমস্যা সমাধানের মানসিকতা (ক্রিটিকাল থিংকিং) গড়ে তোলা জরুরি। শিশুদের শেখাতে হবে কীভাবে চিন্তা করতে হয়, কেবল কীভাবে মুখস্থ করতে হয় তা নয়। বই মুখস্ত করে পরীক্ষায় লিখে দিয়ে আসা মেধার বিবেচনায় সবচেয়ে নিম্ন স্তরের বা প্রাথমিক পর্যায়ের কাজ।
৪. প্রযুক্তির সঠিক ব্যবহার
বর্তমান সময়ে প্রযুক্তি যেমন আশীর্বাদ, তেমনি অপব্যবহারের ফলে তা অভিশাপও হতে পারে। সন্তানদের ডিজিটাল জগতে প্রবেশ রোধ করা সম্ভব নয়, কিন্তু তাদের সঠিকভাবে ব্যবহার শেখানো সম্ভব। অভিভাবকদের উচিত ইন্টারনেট ব্যবহারে সীমা নির্ধারণ করা, বয়স-উপযোগী কনটেন্ট বেছে নিতে সাহায্য করা, এবং সময় ব্যবস্থাপনার শিক্ষা দেওয়া।
সোশ্যাল মিডিয়া ব্যবহারের পাশাপাশি শিক্ষামূলক ভিডিও, অনলাইন কোর্স, বা ডিজিটাল পাঠের প্রতি আগ্রহ সৃষ্টি করলে প্রযুক্তি হয়ে উঠবে শেখার শক্তিশালী হাতিয়ার। সন্তানের সাথে একসাথে বসে পারস্পরিক সহযোগিতায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করার অভ্যাস/পরিবেশ গড়ে তুলুন। ডিজিটাল জগতের বিশালতাকে আপনি উপভোগ করুন আপনার সন্তানকে সাথে নিয়ে, খুব কম সময়ের জন্য হলেও।
৫. মানসিক ও আবেগিক বিকাশ
একজন যোগ্য মানুষ কেবল বুদ্ধিমান নয়, আবেগিক দিক থেকেও পরিপূর্ণ। বর্তমান সমাজে মানসিক চাপ, প্রতিযোগিতা, এবং তুলনার সংস্কৃতি শিশুদের আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। তাই শিশুদের মধ্যে নিজের অনুভূতি প্রকাশ করার সুযোগ দিতে হবে। তাদের শেখাতে হবে—দুঃখ, রাগ, ভয় বা ব্যর্থতা—সবই জীবনের অংশ।
অভিভাবকদের উচিত তাদের সাফল্যের পাশাপাশি ব্যর্থতাকেও ইতিবাচকভাবে গ্রহণ করতে শেখানো। ব্যর্থতাকে জয় করে সফল হওয়ার গল্প শোনাতে হবে তাদেরকে। এতে করে তারা দৃঢ় মানসিকতা ও আত্মসম্মানবোধসম্পন্ন হয়ে উঠবে।
প্রয়োজনে শিশু মনোবিজ্ঞানী বা কাউন্সেলরের সহায়তা নিতে দ্বিধা করা উচিত নয়। সন্তানের, এমনকি মাতা পিতার, আত্মবিকাশেও মনোবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম।
৬. আচরণে উদাহরণ স্থাপন
বলা হয়ে থাকেঃ শিশুরা যতটুকু শুনে শেখে তার চেয়ে বেশি শেখে দেখে দেখে। আবার বলা হয় “শিশুরা চোখ দিয়ে শোনে।" এই সত্যগুলোর গভীরতা ও ব্যাপকতা অনেক বেশি। বাবা-মা, শিক্ষক বা বড়দের আচরণই সন্তানের চরিত্র গঠনে সবচেয়ে বড় ভূমিকা রাখে।
যদি সন্তান দেখে তার বাবা অন্যকে সম্মান করছে, মা দায়িত্বশীলভাবে কাজ করছে, বা শিক্ষক নিজের কথার সঙ্গে কাজের মিল রাখছেন, তবে সে-ও একই রকম আচরণ করতে শিখবে। সে জানবে, এটাই নিয়ম।
সন্তানের মধ্যে ভদ্রতা, সময়ানুবর্তিতা ও সহমর্মিতা গড়ে তুলতে হলে বড়দের আগে নিজেদের মধ্যে সেই গুণাবলির চর্চা করতে হবে। আপনি নামাজী হোন এবং আশা করুন আপনার সন্তানও নামাজী হবে। আপনার কাছ থেকেই আপনার সন্তান অনিয়ম ও অবিচার থেকে দূরে থাকার শিক্ষা গ্রহণ করবে।
৭. সামাজিক দায়িত্ব ও দেশপ্রেমের শিক্ষা
যোগ্য মানুষ কখনো শুধুমাত্র নিজের সাফল্য নিয়েই সন্তুষ্ট থাকে না; সে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখতে চায়। তাই শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই সমাজসেবা ও দেশপ্রেমের চেতনা জাগাতে হবে।
স্কুলে বা পরিবারে সামাজিক কাজ, দান, খাদ্য বিতরণ, বৃক্ষরোপণ বা রক্তদানের মতো কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দিলে তারা সমাজের প্রতি দায়িত্ববোধ শিখবে। তাদের দেশের ইতিহাস, সংস্কৃতি ও স্বাধীনতার মূল্য শেখাতে হবে—যাতে তারা নিজের শিকড় ভুলে না যায় এবং ভবিষ্যতে ন্যায়ের পথে সমাজের পরিবর্তন আনতে উদ্বুদ্ধ হয়।
৮. সময়ের সঠিক ব্যবহার ও আত্মনিয়ন্ত্রণ
আজকের পৃথিবীতে সময় ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। শিশুদের ছোটবেলা থেকেই সময়ের মূল্য শেখাতে হবে। পড়াশোনা, বিশ্রাম, খেলা, পরিবারে সময় কাটানো—সবকিছুর সুষম ভারসাম্য থাকা জরুরি।
এছাড়া, নিজের কাজ নিজে করার অভ্যাস, দায়িত্ব পালন এবং বিলম্ব না করে কাজ শেষ করার অভ্যাস অর্থাৎ সার্বিক শৃঙ্খলা গড়ে তুলতে সাহায্য করতে হবে।
এই অভ্যাস ভবিষ্যতে তাদের আত্মনিয়ন্ত্রিত ও লক্ষ্যনিষ্ঠ মানুষ হিসেবে গড়ে তুলবে। মাঝে মাঝে পরিবারের কোন কোন পরিকল্পনার কাজ তাদের হাতে ছেড়ে দিয়ে পর্যবেক্ষণ করুন। এটা তাদের সক্ষমতা এবং দায়িত্বশীলতা বাড়াবে।
৯. ভালোবাসা ও স্বীকৃতি
মানুষ তখনই নিজের সেরাটা দিতে পারে, যখন সে ভালোবাসা ও স্বীকৃতি পায়। সন্তানদের ছোট ছোট অর্জনকেও স্বীকৃতি দেওয়া তাদের আত্মবিশ্বাস বাড়ায়।
কেবল ভুল ধরার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে প্রশংসা ও উৎসাহের মাধ্যমে তাদের প্রেরণা দিতে হবে।
ভালোবাসার প্রকাশ—একটি আলিঙ্গন, উৎসাহের কথা, বা একসাথে সময় কাটানো—এইসবই সন্তানকে মানসিকভাবে নিরাপদ ও আত্মবিশ্বাসী করে তোলে। সন্তান যেন পিতাকে এবং মাতাকে সবচেয়ে কাছের ও বিশ্বস্ত আপন জন হিসেবে গ্রহণ করে। এই বীজ লালনের মাধ্যমে সযত্নে বপন করতে হবে, জোর জবরদস্তি করে নয়।
উপসংহার
সন্তানকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলা কোনো একদিনের কাজ নয়; এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজ—এই তিনটি ক্ষেত্রকে একসঙ্গে কাজ করতে হবে।
বর্তমান যুগের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতায় সন্তানদের কেবল ভালো পেশাজীবী নয়, বরং নৈতিক, দায়িত্বশীল, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।
একজন যোগ্য সন্তানই ভবিষ্যতের যোগ্য নাগরিক, আর যোগ্য নাগরিকেরাই গড়ে তোলে উন্নত, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ। দুর্নীতিমুক্ত শান্তির সমাজ গড়তে হলে আমাদেরকে এ পথেই এগোতে হবে।
কবি ও লেখক
(লেখকের ফেসবুক থেকে সংগৃহীত)
স্বদেশ প্রতিদিন/ এমএস