প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১১:১৯ AM

সংগৃহীত ছবি
কিছুদিনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামায়াতে ইসলামী প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “আমরা প্রায় এক বছর আগে আঞ্চলিকভাবে এই তালিকার খসড়া জানিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ কেন্দ্র থেকে সময়মতো চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। যেহেতু আমরা একা নির্বাচন করব না এবং আরও অনেককে অন্তর্ভুক্ত করব, তাই দেশ ও জাতির স্বার্থ বিবেচনা করে সব দিক নিয়ে চূড়ান্ত তালিকা যথাসময়ে ঘোষণা করা হবে।”
মঙ্গলবার ভোরে বিদেশ সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান আরও বলেন, আমি আমির হিসেবে নির্বাচিত হইনি বরং আমার সহকর্মীরা আমার ওপর একটি দায়িত্বের ভার অর্পণ করেছেন। এ দায়িত্বটা বড় ভারি। আপনারা দোয়া করবেন দেশ ও দ্বীনের জন্য এই দায়িত্ব পালনে আল্লাহ যেন আমাকে সাহায্য করেন। পাশাপাশি আপনাদের সহযোগিতা চাই। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশনের কাছে রেজিস্ট্রেশনের সময়সীমা আরো ১৫ দিন বাড়ানোর দাবি জানান জামায়াতের আমির।
রাজনৈতিক মতভেদ কাটাতে জামায়াতে ইসলামী আলোচনায় সম্মত জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য থাকতে পারে, সেটিই গণতন্ত্রের সৌন্দর্য, তবে মতবিরোধ নয়।
উল্লেখ্য, শফিকুর রহমান গত ১৯ অক্টোবর ওমরাহ পালনের জন্য সৌদি আরব সফর করেন। সেখান থেকে ২২ অক্টোবর তিনি যুক্তরাষ্ট্রে যান এবং নিউইয়র্কে একটি সংবাদ সম্মেলনে অংশ নেন। এরপর যুক্তরাজ্যে যান। এই সফরগুলোর পর মঙ্গলবার ভোরে দেশে ফেরেন তিনি।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ