প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৯:১২ AM

প্রতীকী ছবি
রাজধানীসহ এর পার্শ্ববর্তী এলাকায় আজও শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সকালে সামান্য আর্দ্রতা থাকলেও দিনের বেলা আকাশ বেশির ভাগ সময় আংশিক মেঘলা থাকবে এবং বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা আজ দিনভর পূর্বের মতোই থাকবে, উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না।
মঙ্গলবার (৪ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এসময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রাও অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। সোমবার (৩ নভেম্বর) রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে এবং বুধবার (৫ নভেম্বর) সূর্য উঠবে ভোর ৬টা ৭ মিনিটে।
অন্যদিকে, সোমবার রাতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু এলাকাসহ বরিশাল ও সিলেট বিভাগের দু-একটি জেলায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ