প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৯:০৪ AM

সংগৃহীত ছবি
নেপালের পানবাড়ি পর্বতশৃঙ্গ আরোহনের সময় দুইজন ইতালীয় পর্বতারোহী নিখোঁজ হয়েছেন বলে সোমবার নিশ্চিত করেছেন দেশটির পর্যটন কর্তৃপক্ষ। আবহাওয়া খারাপ থাকায় তাঁদের খোঁজে উদ্ধারকাজ চালাতে চ্যালেঞ্জের মুখে পড়ছেন সংশ্লিষ্টরা।
সম্প্রতি সাইক্লোন ‘মোন্থা’ ওই অঞ্চলের আবহাওয়ার মারাত্মক অবনতি ঘটায় পাহাড়ি পথ ও দৃশ্যমানতা বিপর্যস্ত হয়ে পড়ে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনুসন্ধান তৎপরতা সীমিত আকারে চালিয়ে যাওয়া হবে।
কাঠমাণ্ডু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। নিখোঁজ পর্বতারোহীরা হলেন স্তেফানো ফারোনাতো এবং আলেসান্দ্রো কাপুটো। তারা তিন সদস্যবিশিষ্ট একটি দলের অংশ হিসেবে পশ্চিম নেপালের ৬ হাজার ৮৮৭ মিটার (২২,৫৯৫ ফুট) উচ্চতার পানবাড়ি পর্বতশৃঙ্গ জয় করার চেষ্টা করছিলেন।
নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা হিমাল গৌতম জানান, নিখোঁজ পর্বতারোহীদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। তীব্র তুষারপাতের কারণে তারা ক্যাম্প-১ এ আটকে পড়েন এবং শনিবার থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই।
তিনি আরও জানান, দলের নেতা যিনি বেস ক্যাম্পে অবস্থান করছিলেন, তিনি নিরাপদে ছিলেন এবং রবিবার হেলিকপ্টারে করে তাকে উদ্ধার করা হয়েছে।
গত সপ্তাহে সাইক্লোন মোন্থার প্রভাবে নেপালের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি ও তুষারপাত দেখা দেয়। এর কারণে জনপ্রিয় হিমালয়ান ট্রেকিং পথগুলো বিপর্যস্ত হয়ে পড়ে এবং বহু ট্রেকার ও পর্বতারোহী সেখানে আটকা পড়েন।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ