ঢাকা-১১ আসনের মনোনয়ন পেলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রাথমিকভাবে ২৩৭টি আসনের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
সোমবার বিকেলে সাড়ে ৫টায় গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিনা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টি আসনে মনোনয়ন পাওয়া প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বাকি সাত আসনের প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিএনপি।