প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১২:৫৭ AM

উদ্যমী তরুণদের ভাবনা ও স্বপ্নে গড়ে উঠছে আধুনিক বাংলাদেশ। এই লক্ষ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে অনুষ্ঠিত হলো অনুপ্রেরণামূলক আলোচনা সভা “তারুণ্যের ভাবনায় কেমন বাংলাদেশ চাই”।
রবিবার (২ নভেম্বর) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে সমাজ উন্নয়ন ও মানবতার সেবায় নিবেদিত সংগঠন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আতাউর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সোনারগাঁও জনকল্যাণ যুব সংস্থার সভাপতি ফয়সাল আহমেদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান আনোয়ার আলদীন। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন ও সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান।
বক্তারা বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তার তরুণ প্রজন্ম। তাদের সৃজনশীলতা, উদ্যম ও দায়িত্ববোধের মাধ্যমেই গড়ে উঠতে পারে একটি ন্যায়ভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও মানবিক বাংলাদেশ।
সভাপতির বক্তব্যে মো. আতাউর রহমান বলেন, “তরুণদের চিন্তা ও দায়িত্ববোধের মাধ্যমেই গড়ে উঠবে আলোকিত বাংলাদেশ। ঐতিহ্যের মাটিতে দাঁড়িয়ে তারা যদি সততা, মানবতা ও উন্নয়নের দৃষ্টিতে কাজ করে, তবে বাংলাদেশ হবে বিশ্বের জন্য অনুকরণীয় উদাহরণ।”
অনুষ্ঠানে উপস্থিত তরুণরা দেশপ্রেম, ঐক্য ও দায়িত্ববোধের শপথ নিয়ে নিজ নিজ অবস্থান থেকে সমাজ ও জাতি গঠনের কাজে অংশ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব ও তরুণদের মুক্ত মতবিনিময়। আশা ও প্রেরণার আলো ছড়িয়ে দেয় রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের এই অনন্য আয়োজন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে