প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ১১:৫২ পিএম

বান্দরবানে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন (ছাড়পত্র) ছাড়া প্রতিষ্ঠান পরিচালনা এবং পাহাড় কেটে পরিবেশের ক্ষতি সাধনের অভিযোগে ৬টি প্রতিষ্ঠান ও এক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ ঘটনায় মোট ৭ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা যায়, জেলার কয়েকটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে এবং কিছু ব্যক্তি নির্বিচারে পাহাড় কেটে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে।
অভিযান শেষে যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানার আওতায় আনা হয়েছে, পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে পাহাড় কাটায় জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা আব্দুল আজিজ নামে এক ব্যক্তিকে ২ লক্ষ ৭০ হাজার টাকা, পরিবেশগত ছাড়পত্র ব্যতিরেকে প্রতিষ্ঠান পরিচালনা করায় জেলা সদরের গ্রীন পিক রিসোর্ট কে ৪ লক্ষ টাকা, বালাঘাটা কৃষাণঘর এগ্রো প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা, নাইক্ষ্যংছড়ি ছবির করাত কল প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, লামা উপজেলার জিয়াবুল হক অটো রাইস মিলকে ১০ হাজার টাকা এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার করাত কলের ফলের মালিক ফরিদুল আলমকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী পরিচালক রেজাউল করিম আরও বলেন, “পরিবেশের ক্ষতি করে কেউ যাতে অবৈধভাবে পাহাড় কাটতে বা প্রতিষ্ঠান পরিচালনা করতে না পারে, সে জন্য আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
স্বদেশ প্রতিদিন / কেআইকে