প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৬:২০ পিএম আপডেট: ০২.১১.২০২৫ ৯:০২ PM

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদটি ৩ মাস ২৩ দিন ধরে শূন্য থাকায় এলাকায় আইনশৃঙ্খলার অবনতি দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে হত্যাকাণ্ড, মাদক চোরাচালান, ছিনতাই ও চুরি-ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। বিভিন্ন স্থানে অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনাও স্থানীয়দের আতঙ্কিত করে তুলেছে।
সোনারগাঁ থানার ওসি পদটি সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে আলোচনায় ছিল এবং এতে একাধিকবার রদবদল ঘটেছে। জানা গেছে, পুলিশ সদর দফতরের নির্দেশনা অমান্য করে সোনারগাঁ থানায় সর্বশেষ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ইসমাইল হোসেন নামের একজন পরিদর্শককে নিয়োগ দিয়েছিলেন নারায়ণগঞ্জের সাবেক পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
আরও পড়ুন
গত ৭ জুলাই নারাণগঞ্জের সাবেক পুলিশ সুপার প্রত্যুষ কুমারের সই করা এক চিঠিতে এই নিয়োগ দেওয়া হয়। গত ১০ই জুলাই, ২০২৫ তারিখে পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেনকে সোনারগাঁ থানার ওসি হিসেবে যোগদানের মাত্র ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।
স্থানীয়দের অভিযোগ, রাতে টহল কমে যাওয়ায় অপরাধীরা সক্রিয় হয়ে উঠেছে। মোগরাপাড়া, কাচপুর, পিরোজপুর ও বারদী এলাকায় ছিনতাই, মাদক লেনদেন ও কিশোর গ্যাংয়ের উৎপাত বাড়ছে। অনেকেই বলছেন, থানায় নেতৃত্বের অভাবে দ্রুত পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।
স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজকর্মীরা বলছেন, সোনারগাঁয়ে ওসি না থাকায় জন নিরাপত্তা হুমকির মুখে। প্রতিদিন নতুন অপরাধ ঘটছে, কিন্তু নিয়ন্ত্রণে আনার কেউ নেই। তাঁরা দ্রুত একজন অভিজ্ঞ ওসি নিয়োগের দাবি জানান।
এ বিষয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন কল রিসিভ করেননি।
স্বদেশ প্রতিদিন/এমএস