মানসম্পন্ন শিক্ষা ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম

গুলশানস্থ ভোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনে ড. এম এ কাইয়ুম
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, মানসম্পন্ন শিক্ষা ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয়। মেরুদণ্ডহীন মানুষ যেমন স্বাভাবিকভাবে দাঁড়াতে পারে না, মানসম্পন্ন শিক্ষা ছাড়া একটি জাতিও মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। পৃথিবীতে এমন একটি দেশ বা জাতির উদাহরণ দেওয়া যাবে না, যারা শিক্ষার ওপর যথাযথ গুরুত্ব না দিয়ে টেকসই উন্নয়ন অর্জন করতে সমর্থ হয়েছে।
আজ রবিবার (২ নভেম্বর) রাজধানীর গুলশানস্থ ভোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় ড. এম এ কাইয়ুম শিক্ষার গুরুত্ব, জনগণের কল্যাণ ও রাজনীতির সামাজিক ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, বিএনপি জনগণের দল। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান দেশের প্রতিটি মানুষ যেন সমান সুযোগ পায়, এটাই আমাদের রাজনীতির লক্ষ্য।
তিনি আরো বলেন, রাজনীতি মানে কেবল ক্ষমতা নয়, মানুষের পাশে থাকা এবং তাদের কল্যাণে কাজ করা।
শিক্ষকদের দৃষ্টি আকর্ষন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা নিজ নিজ দায়িত্বে কোনো অবহেলা না করে আজকের এই শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক ও নৈতিক বিকাশ সাধনে এগিয়ে আসুন। তাদের মধ্যে দেশপ্রেম, বিজ্ঞানমনস্কতা ও সৃজনশীলতা জাগ্রত করার মধ্য দিয়ে উন্নত জীবনের স্বপ্ন দেখান।
ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, একটি ভয়ংকর স্বৈরাচার তাবেদার হাসিনা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখে দীর্ঘ সতের বছরে দেশের শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে। যা পুনরুদ্ধারে কাজ করছে বিএনপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলশান থানা প্রাথমিক শিক্ষা অফিসার আসফিয়া রহমান, ভোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা সদস্য মো. হাবিবুর রহমান জসিম প্রমুখ।
ভোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোহাম্মদ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুলশান থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও ভোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আল আমিন হাওলাদার।
উপস্থিত বক্তারা ড. কাইয়ুমের জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং শিক্ষার উন্নয়ন ও মানবসেবায় তার অবদানের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। তাদের মতে, তার নেতৃত্বে শিক্ষার মান ও স্বাস্থ্যসেবা ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আসছে, যা দীর্ঘমেয়াদে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ড. এম এ কাইয়ুমের এই উদ্যোগ শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যসেবার প্রসারেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
স্বদেশ প্রতিদিন/এমএএম/এমআর