সুস্থ থাকতে হলে আমাদের স্বাস্থ্যকর খাদ্যাভাসের কোনো বিকল্প নেই। স্বাস্থ্যকর খাওয়াদাওয়ার ট্রেন্ডে এখন সর্বত্র ফাইবারসমৃদ্ধ সবজির কদর তুঙ্গে। অনেকেই ডায়েট মেনে মসলা ছাড়া সিদ্ধ সবজি খাওয়ার পক্ষপাতী।
তবে কিভাবে সেই সবজি সিদ্ধ হবে- তা নিয়েই চলছে মতবিরোধ। কেউ বলেন, “ভাপে সিদ্ধ করাই শ্রেয়, আবার কেউ বলেন ফুটিয়ে নেওয়া বেশি কার্যকর।”
কিন্তু আসল প্রশ্ন হলো- কোন পদ্ধতিতে সবজির স্বাদ, রং ও পুষ্টিগুণ সবচেয়ে ভালো থাকে?
চলুন, জেনে নেয়া যাক....
ফোটানো সবজি : সহজ কিন্তু কিছু ক্ষতি
পানিতে ডুবিয়ে ১০০ ডিগ্রি সেলসিয়াসে সবজি ফোটানো সবচেয়ে সহজ পদ্ধতি। একসঙ্গে অনেকটা পরিমাণে রান্না করা যায় বলে এটি জনপ্রিয়। তবে সমস্যা হলো, পানিতে ফোটানোর সময় সবজির অনেক পুষ্টিগুণ জলে মিশে যায়। যদিও সেই পানি স্যুপ বা রান্নায় ব্যবহার করা হয়, তবে পুষ্টিগুণ নষ্ট হয় না। আলু, রাঙা আলু বা বিটের মতো স্টার্চযুক্ত সবজির ক্ষেত্রে ফুটিয়ে নেওয়াই ভালো। কারণ এতে সেগুলো সহজে হজম হয়।
ভাপানো সবজিঃ স্বাদ ও পুষ্টির ভারসাম্য
ভাপানোর সময় সবজি সরাসরি
পানিতে না ডুবে, ফুটন্ত পানির বাষ্পে ধীরে ধীরে সিদ্ধ হয়। ফলে পানিতে
দ্রবণীয় ভিটামিন বিশেষত ভিটামিন সি ও বি-কমপ্লেক্স সবজির মধ্যেই থেকে যায়। এ
কারণে ভাপানো সবজির রং থাকে উজ্জ্বল, স্বাদ থাকে স্বাভাবিক আর প্রাকৃতিক
মিষ্টতাও অটুট থাকে। তেল ছাড়াই রান্না হওয়ায় এটি একেবারেই হালকা ও
স্বাস্থ্যকর বিকল্প।
আপনি বেছে নেবেন কোনটি?সময় একটু বেশি লাগলেও ভাপে সিদ্ধ করা সবজি পুষ্টি ও স্বাদের দিক থেকে সেরা। অন্যদিকে, দ্রুত রান্না বা শিশুদের খাবারের জন্য ফুটিয়ে নেওয়া পদ্ধতি কার্যকর। তাই পছন্দ নির্ভর করবে উদ্দেশ্যের ওপর; স্বাদ ও পুষ্টির ভারসাম্য চাইলে ভাপ, আর নরম ও সহজপাচ্য খাবার চাইলে ফোটানোই সেরা।
তবে সুস্থ থাকার জন্য আমাদের উচিত সঠিক খাদ্যাভাসে অভ্যস্ত হওয়া। তাই ডাক্তাররা বার বার সঠিকভাবে খাদ্য গ্রহণের পরামর্শ দিয়ে থাকেন।
সূত্রঃ আনন্দবাজার