প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৩:২৮ পিএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, জাতীয় নির্বাচনের সঠিক পথে প্রবেশ না করা পর্যন্ত কোনো সমস্যার সমাধান সম্ভব নয়।
আজ শনিবার (১ নভেম্বর) সকালে সেন্টার ফর গভার্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
স্বপন বলেন, “ঐকমত্য কমিশন অনৈক্যের একটি দলিল জাতির সামনে হাজির করেছে। এ ধরনের পদক্ষেপ বিরোধ বাড়ানোর সুযোগ তৈরি করে।”
তিনি আরও বলেন, “কমিশনের কাজ হওয়া উচিত ছিল, যেসব বিষয়ে ঐকমত্য রয়েছে তা উপস্থাপন করা এবং যেগুলোতে মতভেদ আছে, সেগুলো আপাতত বাদ দেওয়া।”
সংলাপে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “সংস্কার কমিশনে বিএনপি অনেকটা ক্ষমতাসীনদের মতো আচরণ করেছে, বাকিরা ছিল বিরোধী দলের ভূমিকায়।”
তিনি আরও মন্তব্য করেন, “আলোচনার টেবিলে আন্তরিকতা থাকলেও গণমাধ্যমে ভিন্ন বার্তা দেওয়া হয়। বিএনপি যদি সত্যিকারের সমঝোতার মনোভাব দেখাত, তাহলে ঐক্য সম্ভব ছিল।”
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, “ড. ইউনূস যাদের কাঁধে চড়ে ক্ষমতায় এসেছেন, গত এক বছরে তাদের জন্য কিছুই করেননি। তরুণ উপদেষ্টারা প্রমাণও দিতে পারবেন না যে তারা কোনো ইতিবাচক কাজ করেছেন।”
তিনি আরও যোগ করেন, “শুরু থেকেই বোঝা গিয়েছিল ঐকমত্য কমিশন অনৈক্যের দিকেই যাবে। অনৈক্যের মধ্য দিয়ে যদি জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা হয়, তাহলে রাজনীতি আবারও অরাজক অবস্থায় ফিরে যাবে।”