প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১:২১ AM

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য আকতার হোসেন মারা গেছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) টানা ১৯ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আকতার হোসেন কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) আওতাধীন রেজু আমতলী বিওপিতে নায়েক পদে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।
তিনি জানান, আকতার হোসেনের মরদেহ শনিবার (১ নভেম্বর) হেলিকপ্টারে করে তার গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
এর আগে, গত ১২ অক্টোবর দুপুরে দায়িত্ব পালনকালে মিয়ানমার সীমান্তের ৪১ নম্বর পিলারের কাছে মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন আকতার হোসেন। বিস্ফোরণে তার ডান পায়ের গোঁড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।
পরদিন (১৩ অক্টোবর) রামু সিএমএইচ থেকে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয় উন্নত চিকিৎসার জন্য। কিন্তু দীর্ঘ ১৯ দিনের লড়াই শেষে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন সাহসী এই বিজিবি সদস্য।
স্বদেশ প্রতিদিন/ আরএফ