প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১:২৮ AM

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে গেলেও বর্তমান প্রশাসন তার দলের নেতাকর্মীদের নিরাপত্তা দিচ্ছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা প্রশাসন ও নেতাকর্মীদের স্পষ্টভাবে বলেছি— রক্তের বদলা রক্ত নয়, হাতের বদলা হাত নয়, পায়ের বদলা পা নয়। বাংলাদেশের মাটিতেই সমস্ত নির্যাতনের বিচার হবে, কিন্তু কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।”
তিনি আরও বলেন, “যারা মনে করছেন সামনে ষড়যন্ত্র করে পরিস্থিতি বদলে দেবেন—তাদের জানিয়ে রাখছি, সেই সময় আর পাবেন না।”
অ্যাটর্নি জেনারেল জানান, “বাংলাদেশের জনগণ যখন ক্ষমতা নিজেদের হাতে তুলে নেয়, তখন শেখ হাসিনা কারাগারে গিয়ে বিচার মুখোমুখি হতে পারতেন। কিন্তু তিনি তা না করে আগে আত্মীয়-স্বজনদের বিদেশে পাঠিয়ে নিজে ৫ আগস্ট বোনকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে পালিয়ে যান। দলের লাখ লাখ নেতাকর্মীকে অরক্ষিত অবস্থায় রেখে গেছেন তিনি।”
তিনি বলেন, “গত ১৭ বছরে দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। আগামী নির্বাচনের লক্ষ্য হবে সেই ভোটের অধিকার পুনরুদ্ধার করা।”
আসাদুজ্জামান আরও জানান, “এবারের নির্বাচন হবে উন্নয়ন, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন।”
গণসমাবেশে শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ