প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১০:৪৮ পিএম

সংগৃহীত ছবি
সিলেটে নিজ বাড়ির ছাদে নিহত নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, রক্তাক্ত লাশ উদ্ধারের পর তার ছেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার এ ঘটনা ঘটে।
খুন হওয়া আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক। তিনি মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের মরহুম মৌলুল হোসেনের ছেলে।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ফজরের নামাজ শেষে বাসার ছাদে হাঁটতে যান আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে ছাদে গিয়ে রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, শুক্রবার ভোর সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটে। নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের সন্দেহের তালিকায় রাখা হয়েছে এবং নিহতের ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ