প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১০:৫৭ AM আপডেট: ৩১.১০.২০২৫ ১০:৫৯ এএম

সংগৃহীত ছবি
দীর্ঘ আলোচনার পর দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, কাতারের দোহায় পূর্বে যে যুদ্ধবিরতিতে উভয় দেশ সম্মত হয়েছিল, সেটিকে আরও শক্তিশালী করতে ২৫ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে তুরস্ক ও কাতার। আলোচনায় উভয়পক্ষ যুদ্ধবিরতি কার্যকর রাখার বিষয়ে একমত হয়।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, আগামী ৬ নভেম্বর ইস্তাম্বুলে যুদ্ধবিরতি বাস্তবায়নের কার্যকর পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। শান্তি রক্ষায় দুই দেশ একটি যৌথ পর্যবেক্ষণ ও যাচাইকরণ ব্যবস্থা গঠন করবে, যার মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘনকারী পক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
জিও টিভি জানায়, স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সম্মত হওয়ায় মধ্যস্থতাকারী দেশ হিসেবে তুরস্ক ও কাতার উভয় পক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
উল্লেখ্য, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ২ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা ডুরান্ড লাইন নামে পরিচিত। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠার পর থেকে দুই দেশের সম্পর্ক দ্রুত অবনতির দিকে যায় এবং বর্তমানে তা প্রায় স্থবির অবস্থায় রয়েছে।
এ উত্তেজনার প্রধান কারণ পাকিস্তানের তালেবানপন্থি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। কয়েক বছর আগে গোষ্ঠীটিকে নিষিদ্ধ ঘোষণা করলেও, এখনও সংগঠনটি সক্রিয়ভাবে সহিংসতা ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতা চালিয়ে যাচ্ছে।